স্বাস্থ্যবিধি মেনেই আবার শুরু হল কফি হাউজের আড্ডা

লকডাউনের পর খুলে গেল কফি হাউস

করোনা মহামারির কারণে বন্ধ হয়ে গিয়েছিল কফি হাউজের দরজা। লকডাউনের পর অবশেষে কফি হাউজের বিখ্যাত আড্ডা ফের চালু হল। প্রথম দিনেই বাঙালির মননচর্চার এই প্রাণকেন্দ্রে ভিড় জমিয়েছেন তরুণ থেকে প্রবীণ অনেকেই। 

দূরত্ববিধি মেনেই বৃহস্পতিবার খোলা হয়েছে কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউজ। এখন সপ্তাহে ৬ দিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কফি হাউজ চালু থাকবে। তবে বন্ধ থাকবে ব্যালকনি। বসার আসনসংখ্যাও অর্ধেক হয়ে যাবে। রবিবার স্যানিটাইজ করা হবে গোটা ভবন। এবার থেকে মাস্ক না পরলে কফি হাউজে ঢোকা যাবে না। দরজার ঢোকার সময় স্যানিটাইজার থার্মাল স্ক্যানিং-এর বন্দোবস্ত রাখা হয়েছে। স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক। 

এখন সাদা কাপ-ডিশ নয়, কাগজের কাপে পরিবেশন করা হচ্ছে কফি। কাচের গ্লাসের বদলে জল দেওয়া হচ্ছে প্লাস্টিকের গ্লাসে। ব্ল্যাক কফি, দুধ কফি, পকৌড়া, স্যান্ডউইচ, বাটার টোস্টের মতো অল্প কিছু খাবারই এখন পাওয়া যাবে। মানুষের উপস্থিতির হার দেখে খাবারের পদের সংখ্যা বাড়ানো হবে বলে কফি হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে। খাবারের দাম আগের তুলনায় ১০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। 

দীর্ঘদিন পর কফি হাউজ খোলায় কর্মী থেকে আম-জনতা সকলেই খুশি। তবে আড্ডার সেই পুরোনো ছন্দ ফিরে আসতে সময় লাগবে। 
 

Developed by DXDasia