পণ্ডিত বিশ্বমোহন ভাটের মোহনবীণা থেকে উস্তাদ আমান আলি বঙ্গাসের সরোদ : মুক্তমঞ্চে রাগসংগীত

কলকাতায় শুরু হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স ২০২৬

জ ১৬ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স ২০২৬। এই নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করছে ভারতীয় রাগসংগীতের অনুষ্ঠান। রবীন্দ্র সদন চত্বরের একতারা মুক্তমঞ্চে অনুষ্ঠান চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির পরিচালনায় শুরু হচ্ছে এই ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। যেখানে কণ্ঠ ও যন্ত্র সংগীত পরিবেশন করবেন বাংলা তথা সারা দেশের প্রথিতযশা শিল্পীরা।

শাস্ত্রীয় সংগীতকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক সংগীতপ্রেমী শ্রোতাদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শাস্ত্রীয় সংগীতকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক সংগীতপ্রেমী শ্রোতাদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ক্লাসিক্যাল কনফারেন্সের মূল আকর্ষণ পণ্ডিত বিশ্বমোহন ভাট-এর মোহনবীণা এবং উস্তাদ আমান আলি বঙ্গাস-এর সরোদ।

 

১৬ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫:৩০টা থেকে থাকবেন উস্তাদ আমান আলি বঙ্গাস। এছাড়া থাকবেন আল্লারাখা কলাবন্ত (সারেঙ্গি), আরশাদ আলি খান (কণ্ঠ), পঙ্কজ মিশ্র (সারেঙ্গি), পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায় (একক তবলা) প্রমুখ।

১৭ জানুয়ারি, শনিবার বিকেল ৫:৩০টা থেকে থাকবেন কবীর সুমন (কণ্ঠ), পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত যোগেশ সামসি (তবলা), সুরজ শর্মা (হারমোনিয়াম), পণ্ডিত রোনু মজুমদার (বাঁশি) প্রমুখ।

১৮ জানুয়ারি, রোববার বিকেল ৫:৩০টা থেকে থাকবেন পণ্ডিত বিশ্বমোহন ভাট (মোহনবীণা), তাঁকে সঙ্গত করবেন পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় (তবলা)।

এছাড়াও তিনদিন ধরে চলবে বাংলার রাগ-সংগীত বিষয়ক একটি প্রদর্শনী। এই ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সের আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ডিস্ট্রিক্ট ক্লাসিক্যাল মিউজিক্যাল ফেস্টিভ্যাল করে আসছে রাজ্য। এ-বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চন্দননগর, দুর্গাপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর ও সিউড়ি— এই ছয় শহরে অনুষ্ঠিত হবে।

Developed by DXDasia