নির্দিষ্ট কিছু বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে
করোনার সব নিয়ম মেনে ভোট প্রক্রিয়ার দিকে নজর দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। এমন তথ্যই জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক থেকে। শিলিগুড়ি সুকনার কাছে একটি বেসরকারি হোটেলে বুধবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা, সুদীপ জৈন, সুশীল চন্দ্র, রাজীব কুমার-সহ মোট ৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সাংবাদিক বৈঠক করেন। তাঁরা জানান, উত্তরবঙ্গের প্রতিটি আসনের দিকে নজর রয়েছে। কোন কোন বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে বাড়তি নজরদারি দেওয়া হবে সেটাও নির্দিষ্ট হয়েছে। পাশাপাশি গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেদিকে তাকিয়ে কোভিড নিয়মকানুন মেনেই ভোট প্রক্রিয়া চালানো যায় কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে। মোটের উপর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ভোট প্রক্রিয়াও যাতে শন্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেদিকেই নজর নির্বাচন কমিশনের।
সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচন প্রক্রিয়ায় কোনওরকম অংশগ্রহণ করানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা। পাশাপাশি আসাম এবং পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনী এবং পুলিশের অভিযানে প্রচুর নগদ অর্থ এবং নেশার সামগ্রী উদ্ধারের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।