
ভূমি কেন্দ্রিক সভ্যতার এই দেশ কৃষি প্রধান। এখানের উৎসব ফসল কেন্দ্রিক। হেমন্তে নতুন ধানের বৈভবে সকলে মেতে ওঠে নবান্ন উৎসবে। আর তার আগে ভালো ফসলের আশায় আদিবাসী মাহাতো সম্প্রদায় ধানের দেবতা মাঝি খান-এর আরাধনার মধ্যে দিয়ে ধান চাষের প্রক্রিয়া শুরু করেন।
তাঁদের এই ইস্ট দেবতার পুজো প্রতিবছরই হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। মাদলের তালে তালে, মালদহের হবিবপুর ব্লকের ধুমপুরের আদিবাসী অধ্যুষিত অঞ্চল পলাশ বোনা গ্রামে এখন উৎসবের আমেজ। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মূর্তি পুজো করেন না, প্রকৃতির পুজো করেন। প্রকৃতিকে বিশ্বাস করেন।
প্রতিবছর জৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মধ্যেই মাহাতো সম্প্রদায়ের কৃষকরা এই পুজো করে থাকেন। জমি জঙ্গলের সন্তান আদিবাসীরা চান ধানের দেবতার আরাধনা হবে নিয়ম মেনে। গ্রামের মোটামুটি সকলেই কৃষিজীবী মানুষ। তাঁরা চাষ শুরু করার আগেই ইস্ট দেবতা মাঝি খানের আরাধনা করে চাষবাস শুরু করেন।

পুরোনো নিয়ম মেনেই এই পুজো করেন গ্রামবাসীরা। আনুষ্ঠানিকভাবে এই পুজোর মাধ্যমেই তাঁরা জমিতে বীজ রোপণ করে থাকেন। অতিমারী, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আগামী বর্ষাতে যাতে ভালো ফসল উৎপাদন করতে পারেন, ইষ্ট দেবতার কাছে এটাই তাঁদের প্রার্থনা।
