গানের লাইনগুলি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ জনপ্রিয় হয়েছে
আমাদের সমাজে এখনও সংখ্যালঘু মানুষরা অবহেলিত থাকেন, অত্যাচার এবং নিপীড়নের শিকার হন। যে ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা আমাদের মধ্যে সংখ্যালঘু, তাঁদেরকে যেমন নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তেমনি, ভাষা বা অন্যান্য ক্ষেত্রে সংখ্যালঘুরাও প্রতিনিয়ত হিংস্রতার বিরুদ্ধে লড়াই করে যান। সমকামী, উপকামী, রূপন্তরকামীরাও সেই অসহিষ্ণুতার কবলে পড়েন মাঝেমধ্যেই, তার কিছু খবর আমরা পাই, কিছু খবর হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়ই না। কিছুদিন আগেই উত্তরবঙ্গে নারীরূপী এক পুরুষকে নির্যাতন ও পিটিয়ে মারার ভিডিওতে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। অনেকগুলো প্রশ্নচিহ্নের জন্ম দিয়ে গেছিল সেই ঘটনা, বহু মানুষই সেই প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন, সমাজের এই হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন। বাংলা ব্যান্ড ‘তেপান্তর’-এর বাবী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তাঁদেরই একজন।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে কয়েক রাত ঘুমোতে পারেননি ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা অভিষেক। তারপর নিজের স্টুডিওতেই এক রাতের মধ্যে জন্ম দিলেন নতুন একটি গানের। বাবী কোনোদিনই শুধুমাত্র প্রচলিত বাংলা গান গেয়ে সন্তুষ্ঠ থাকতে পারেন না। বরং মূল স্রোতের বাইরে গিয়ে এমন সব গান বাঁধতে পছন্দ করেন, যা আগে বাংলা গানের জগতে পাওয়া যায়নি। আগেও তাঁর বেশ কয়েকটি গান জয় করে নিয়েছিল শ্রোতাদের মন। এলজিবিটিদের প্রতি লাঞ্ছনা ও গঞ্জনার বিরুদ্ধে বাবীর এই নতুন গান ‘আমিও রামধনু’-র লাইনগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ জনপ্রিয় হয়েছে। সমকামী, উভপ্রেমী, রূপান্তরকামী-প্রেমীদের হয়েই গলা ফাটিয়ে এই গানের মধ্যে দিয়ে সমাজের আড়চোখে দেখা মানুষদের প্রতি তাঁর প্রতিবাদের সুর উগড়ে দিয়েছেন তিনি। “না না থামছি না / আমি হেরে যাচ্ছি না / থাক না পৃথিবী একদিক আর আমি অন্যদিকে” – এই লাইনগুলো নেটিজেনদের প্রশংসার সঙ্গে সঙ্গে ‘দুঃসাহসিক’ আখ্যা পেয়েছে ইতিমধ্যেই।
অভিষেকের বেশ কয়েকজন বন্ধুবান্ধব রয়েছেন, যাঁরা এলজিবিটি সম্প্রদায়ের। তাঁরা প্রতিদিন কী ধরনের সামাজিক বঞ্চনা-অত্যাচারের কবলে পড়েন, তা অভিষেক খুব ভালোভাবেই জানেন। এই গানে তাঁদের সেই লড়াইয়ের কথা, প্রতিবাদের সুর নতুন করে উঠে আসায় এলজিবিটি সম্প্রদায়ের বহু মানুষেরই হৃদয় ছুঁয়ে গেছে। প্রথম রূপান্তরকামী আইনজীবী ও বিশিষ্ট নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনীর বিশেষ অনুরোধে কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে আগামী ৩ সেপ্টেম্বর ‘ঋতু উৎসব’-এ প্রথমবার ‘আমিও রামধনু’ গানটি মঞ্চস্থ করতে চলেছেন বাবী।
ছবিসূত্র – ফেসবুক