
টেলিভিশন আসার বহু আগে থেকেই কার্টুন নিয়ে আমরা সকলেই একসময় মশগুল থেকেছি। রকমারি সব নাক-চোখ দেখে খবরের কাগজ কিংবা ম্যাগাজিনের পাতায় রসবোধ খুঁজে পেতাম। কার্টুন কিন্তু শুধু ছোটোদের উপভোগে সীমিত ছিল না কখনই। রাজনৈতিক ব্যঙ্গ থেকে শুরু করে ভাবনাত্মক শিল্প উঠে এসেছে এই কার্টুন শিল্পের মধ্য দিয়েই।
বর্তমান ডিজিটাল যুগে মিম কালচার (meme culture) হাস্যরসবোধ তুলে আনছে। কিন্তু এর অনেক আগেই কার্টুন শিল্পীদের সৃজনশীলতা আমাদের হাসিয়েছে এবং ভাবিয়েছে। যে ভাবনার স্থায়িত্ব ঢেরগুণ বেশি ছিল। আর সেই ঐতিহ্যগত শিল্পকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে দ্য বেঙ্গল স্টোর। দ্য বেঙ্গল স্টোর এবং কার্টুন দল কলকাতার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘অমল স্মৃতি কার্টুন মেলা ২০২৬’। বর্ষীয়ান কার্টুনিস্ট প্রয়াত অমল চক্রবর্তীকে উৎসর্গ করেই এই কার্টুন মেলা’র আয়োজন। আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই কার্টুন মেলা। থাকবে বর্তমানের অভিজ্ঞ এবং সৃজনশীল কার্টুনিস্টের সেরা কাজের সমাহার। সুযোগ রয়েছে শিল্পীদের সঙ্গে সাক্ষাতেরও। তাই ডিজিটাল স্ক্রিন থেকে সরে একটু ট্র্যডিশনাল রসবোধ এবং বাঙালি সৃজনশীলতাকে খুব কাছ থেকে উপভোগ করতে চলে যান কলকাতা যোধপুর পার্কের দ্য বেঙ্গল স্টোরে।
ঠিকানাঃ দ্য বেঙ্গল স্টোর, ১২৭ যোধপুর পার্ক, কলকাতা ৭০০০৬৮
