অবিশ্বাস্য প্রত্যাবর্তন! পিছিয়ে থেকেও টোকিয়োয় জয়ী বাংলার সুতীর্থা

টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন তিনি

অবিশ্বাস্য প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে জয়ীর শিরোপা নিয়ে টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন তিনি। দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছেন মনিকা বত্রাও।

সুইডেনের বার্গস্ট্রমের বিরুদ্ধে সাত সেটের লড়াইয়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা। আর একটা সেট হারলেই ছিটকে যেতেন তিনি। সেই অবস্থা থেকে ফিরে এসে পর পর তিন সেট জিতে নিলেন তিনি। শেষ সেটে জেতেন ১১-৫ ফলে। হার না মানার অদম্য জেদই জিতিয়ে দেয় তাঁকে।

দ্বিতীয় পর্বে তাঁর বিরুদ্ধে খেলবেন পর্তুগালের ফু ইউ। সুতীর্থার থেকে ক্রমতালিকায় ৪৩ ধাপ এগিয়ে তিনি। তবে সুতীর্থা সহজে যে সেই লড়াই ছাড়বেন না, তা বুঝিয়ে দিয়েছেন প্রথম পর্বেই।প্রথম পর্ব জিতেছেন মণিকাও। স্ট্রেট সেটে জিতেছেন তিনি। ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন গ্রেট ব্রিটেনের টিন টিন হো-কে। দ্বিতীয় পর্বে তিনি খেলবেন ইউক্রেনের মারগারিটা পেসোস্কার বিরুদ্ধে।

 

Post Tags
Developed by DXDasia