
কুনাফা তৈরির উপকরণ যেমন আলাদা, রান্নাও ভিন্নভাবে করা হয়
সেমাইয়ের পায়েস, সেমাই ভাজা ছাড়াও এবার চলুন তৈরি করি নতুন খাবার। খাবারের নাম কুনাফা। এটি একটি আরবিয়ান ডেজার্ট। আরবে দেশে এই মিষ্টি জাতীয় খাবারের খুব প্রচলন আছে। তবে রমজান মাসে এবং ঈদের সময় মিষ্টিমুখ করতে প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি করা হয় এই মিষ্টি। আজকে চলুন শিখি কীভাবে তৈরি করতে হয় এই মিষ্টি।
কুনাফা তৈরির উপকরণ যেমন আলাদা, রান্নাও ভিন্নভাবে করা হয়। কেউ কুনাফা ওভেনে দিয়ে বেক করে তার উপর চিনির শিরা দিয়ে মুচমুচে রসালো করে খেতে ভালোবাসেন। এক্ষেত্রে খাবার সময় এর প্রতিটি স্তরে পাবেন ছানা, ক্রিম এবং কনডেন্সড মিল্ক-এর স্বাদ, অনেকটা পেস্ট্রির মত। আবার অনেকে খেতে পারেন ঠান্ডা আইসক্রিমের মত কুনাফা। এক্ষেত্রে সেমাইটি আগে দুধ দিয়ে রান্না করে নিতে হবে। দুটি রেসিপিই বানিয়ে খেয়ে দেখুন।
বেক কুনাফা তৈরির উপকরণ-
লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি কাপ, ছানা দেড় কাপ, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি ১ কাপের ৩ ভাগের ২ ভাগ, কমলার রস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, চেরি বা বাদাম কুচি সাজানোর জন্য, ফুড কালার ১ ফোঁটা (কমলা বা যেকোনো)।
প্রণালী : চিনি জল দিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করতে হবে। সেমাইতে মাখন ও ধাপে ধাপে দুধ মিশিয়ে নিতে হবে যেন সেমাই দলা না পাকিয়ে যায়। প্রয়োজনে হাত দিয়ে সেমাই ঝুরি ঝুরি করে নিন। এবার ছানা ভালোমতো ময়ান দিয়ে মিহি করে তাতে কনডেন্সড মিল্ক ও ক্রিম মিশিয়ে নিন। একটি প্যানে কিছু মাখন ও ফুড কালার ব্রাশ করুন চারপাশে। প্রথমে সেমাইয়ের ১ ইঞ্চি পুরু একটা স্তর করতে হবে। এ সময় প্যানের ভেতরে সেমাইয়ের স্তরে স্তরে ছানার পুর দিন। ভালোমতো চেপে চেপে বসিয়ে দিন। সবশেষে আবার সেমাইয়ের স্তর দিয়ে চেপে চেপে ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেক করুন ৩০ মিনিট। নামিয়ে পরিবেশনের সময় কুনাফার উপর শিরা ঢেলে দিন। কাজু, কিসমিস দিয়ে পরিবেশন করুন মুচমুচে কুনাফা।
ঠান্ডা কুনাফা তৈরি করার উপকরণ
• লাচ্ছা সেমাই – প্যাকেট বা ১৫০ গ্রাম
• ময়দা- ১ টেবিল চামচ
• ক্রিম- ১/২ কাপ
• দুধ -১/২ লিটার
• ভানিলা এসেন্স- ২ চা চামচ
• কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
• অরেঞ্জ ফুড কালার- ২/৩ ফোঁটা
• চিনি- ৩ টেবিল চামচ
• মাখন- ৪ টেবিল চামচ
তৈরি পদ্ধতি-
প্রথমে লাচ্ছা সেমাই হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করতে হবে। একটি ফ্রাইপ্যানে মাখন ও অরেঞ্জফুড কালার অল্প আঁচে মিশিয়ে নিতে হবে। এই মিশনে সেমাইগুলি একটু ভেজে উঠিয়ে নিতে হবে। একটি ছড়ানো প্লেটে রেখে ঠাণ্ডা করেদিন। আরেকটি প্যানে ময়দা, কর্ণফ্লাওয়ার, দুধ ও চিনি মিশিয়ে নিয়ে জ্বাল দিন। কাস্টার্ড এর মত ঘন হলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে মিশিয়ে দিন। ১/২ ফোটা ভেনিলা এসেন্স দিয়ে দিন। একটা প্লেটে সেমাইগুলি স্তরে স্তরে ক্রিম মেশানো ব্যাটারটি দিয়ে দিন। তারপর ফ্রিজে রেখেদিন ৬/ ৭ মিনিট। কাজু, কিসমিস, চেরি, ক্রিম দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কুনাফা।
