
বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশবাসী
কালীঘাটে দলের কার্যালয় থেকে আজই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। বাকি ৩টি আসন ছাড়া হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। ৮০ বছরের ঊর্দ্ধে কাউকে প্রার্থী করা হচ্ছে না। এছাড়াও ৫০টি কেন্দ্রে দেখা যাবে মহিলা মুখ এবং এসসি-র ৭৯ ও এসটি-র ১৭ জন প্রার্থী হচ্ছেন। কিন্তু বাংলা-সহ গোটা ভারতের নজর ছিল নন্দীগ্রামের প্রার্থী কি সত্যিই হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং? নিজেই ঘোষণা করলেন, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন তিনিই। ‘মুখ্যমন্ত্রীর কেন্দ্র’ নামে পরিচিত ভবানীপুরে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রত্যাশা মতো এ বারের নির্বাচনেও লড়াই করবেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ। ব্যরাকপুর থেকে রাজ চক্রবর্তী। বাঁকুড়া থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক, রাজারহাট থেকে অদিতি মুন্সি, চণ্ডীপুর থেকে সোহম চক্রবর্তী, কৃষ্ণনগর উত্তর থেকে কৌশানী মুখার্জি, চৌরঙ্গী থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, বারাসাতে চিরঞ্জিৎ চক্রবর্তী, মেদিনীপুর থেকে জুন মালিয়া।

এছাড়াও হেভি-ওয়েট প্রার্থীদের তালিকায় থাকছেন কামারহাটি থেকে মদন মিত্র, শিলিগুড়ি থেকে ওমপ্রকাশ মিশ্র, দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে গৌতম দেব, রাসবিহারী থেকে দেবাশিস কুমার, ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, মন্তেশ্বর থেকে সিদ্দিকুল্লা চৌধুরী, ঝাড়গ্রাম থেকে বীরবাহা হাঁসদা, জোড়াসাঁকো থেকে বিবেক গুপ্ত, ফারাক্কা থেকে মনিরুল ইসলাম, দমদম থেকে ব্রাত্য বসু, সিঙ্গুরে বেচারাম মান্না, শ্যামপুকুর থেকে শশী পাঁজা, হাওড়া মধ্য থেকে অরূপ রায়, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন, বলাগড় থেকে মনোরঞ্জন ব্যাপারী, খেজুরি থেকে পার্থপ্রতিম দাস, সবং-এ মানস ভুঁইয়া, ডেবরা থেকে হুমায়ন কবীর, উলুবেড়িয়া থেকে নির্মল মাজি, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, বিধাননগরে সুজিত বসু, কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ থেকে সুব্রত মুখোপাধ্যায়।
বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশবাসী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের গণনা আগামী ২ মে।
