
প্রত্যেক পরিযায়ী শ্রমিককে মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়া হবে
প্রিয়মুখেদের টানে যাঁরা ঘরে ফিরতে চান, তাঁদের অবস্থা ভয়ংকর। দেশজুড়ে তাঁরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। গাড়িঘোড়া নেই, অগত্যা হাঁটা। কয়েকশো মাইল তাঁরা হেঁটে চলেছেন বাড়ি ফিরবেন বলে। কেউ কেউ হেঁটেই ফিরলেন, কারোর পথেই মৃত্যু হল। এই লকডাউনে তাঁরা যাবেন কোথায়! খাবেন কী! কেউ জানে না। ঠিক এইরকম সংকটজনক অবস্থায় তাঁদের পাশে দাঁড়ালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার লকডাউন। যা ৩ মে পর্যন্ত চলবে। এই সময় অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। পশ্চিমবঙ্গে আটকে আছেন একাধিক ভিন রাজ্যের শ্রমিক। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ‘স্নেহের পরশ’ প্রকল্পের কথা। যেখানে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়া হবে। আগামী সোমবার থেকে অনলাইনের মাধ্যমে শ্রমিকদের কাছে টাকা পৌঁছে যাবে।
কয়েকদিন আগেই বাড়ি ফেরার তাগিদে দিল্লির আনন্দবিহার থেকে প্রায় পঞ্চাশ হাজার পরিযায়ী শ্রমিককে দেখা গিয়েছিল, অন্যদিকে মুম্বাইয়ের বান্দ্রায় শ্রমিকদের জমায়েত ছিল ভয়ংকর। পশ্চিমবঙ্গে যাতে এমন কোনও অবস্থা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের একটি নির্দেশিকায় আগেই বলা হয়েছিল, বাড়ি ভাড়া না দিতে পারলে, জোর করা যাবে না এই অবস্থায়, অন্তত একমাস অপেক্ষা করতে হবে। অন্যান্য সাধারণ মানুষের মতোই তাঁদের ক্ষেত্রেও বিনামূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার সুবিধায় রেশন কার্ডও চালু হয়। এবার শুরু হল ‘স্নেহের পরশ’ প্রকল্প। পরিযায়ী শ্রমিকরা যাতে অসহায়বোধ না করেন, তার জন্য এই প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে।
