৪৮ বছরে এই প্রথম কলকাতা বইমেলায় থিম দেশ জার্মানি

ভারতের সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধুত্ব প্রদর্শন করবে জার্মানি

আগামী ২৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ৪৮ বছরে এই প্রথম কলকাতা বইমেলায় থিম দেশ হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি। জানা গিয়েছে, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সাহিত্যের উত্তরাধিকার প্রদর্শন করবে জার্মানি। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা অনুপ্রাণিত হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকেই। বিশ্বের বৃহৎ ও প্রাচীন ফ্রাঙ্কফুর্ট বইমেলায় নানান সময় নিয়মিত উপস্থিত থেকেছেন গিল্ডের প্রতিষ্ঠিত সদস্যরা। এমনকি ফ্রাঙ্কফুর্ট থেকেও বিভিন্ন সময় অতিথিরা এসেছেন কলকাতা বইমেলায়। এর ফলে দুই দেশের ও দুই ভাষার সাংস্কৃতিক বন্ধন তৈরি হয়েছে।

জার্মানির প্যাভেলিয়নে আয়োজন করা হবে প্রবীণ-নবীন পাঠকদের নিয়ে নানান সেমিনার, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, প্রদর্শনী, তরুণ পাঠকদের জন্য কর্মশালা, জার্মান ভাষা শেখার জন্য ট্রায়াল সেশন, লাইভ আর্ট ইন্সটলেশন, মিউজিক্যাল পারফর্ম্যান্স উপস্থাপন করবে।

জার্মানির ওই বইমেলায় ১৯৮৪ ও ২০০৬ সালে থিম দেশ ছিল ভারত। গোয়েথে ইনস্টিটিউটের পরিচালক অ্যাস্ট্রিড ওয়েজ জার্মানিকে ফোকাল কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানানোয় সম্মান প্রকাশ করেছেন। অন্যদিকে কলকাতায় জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লেইনপাস বরাবর জোর দিয়েছেন যাতে এই মেলা উভয় দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানকে আরও জোরদার করে তুলতে পারে।

এর আগে জার্মানির প্রতিনিধিরা কলকাতা বইমেলাতে এলেও ২০০৯ সালের পর অংশগ্রহণ করা বন্ধ করে দিয়েছিল মূলত দূষণের জন্য। তবে কলকাতা বইমেলার বর্তমান মাঠ অর্থাৎ সল্টলেকের বইমেলা প্রাঙ্গন কংক্রিট করা হয়েছে।

জার্মানির প্যাভেলিয়নে আয়োজন করা হবে প্রবীণ-নবীন পাঠকদের নিয়ে নানান সেমিনার, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, প্রদর্শনী, তরুণ পাঠকদের জন্য কর্মশালা, জার্মান ভাষা শেখার জন্য ট্রায়াল সেশন, লাইভ আর্ট ইন্সটলেশন, মিউজিক্যাল পারফর্ম্যান্স উপস্থাপন করবে। অংশগ্রহণকারী লেখকদের মধ্যে রয়েছেন উলরিক আলমুট স্যান্ডিগ, মনিকা ক্যান্টিইয়েনি, ক্রিশ্চিয়ান ক্র্যাচ, ম্যাক্স জোলেক, টোনিও শ্যাচিংগার, ক্রিস্টোফার ক্লোবেল এবং ডেভিড ওয়াগনার। এমনকি আইশা ফ্রাঞ্জ, বিয়া ডেভিস ও মারেন আমিনির মতো প্রখ্যাত গারফিক ঔপন্যাসিকরাও বইমেলায় যোগ দেবেন। থাকবেন জার্মান প্রকাশনা জগতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেমন বির্ট ক্রেফট, স্টিফটিং বুচকুনস্ট, ফ্রাঙ্কফুর্টের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া কায়সার। ভারতের জার্মান রাষ্ট্রদূত ডঃ ফিলিপ অ্যাকারম্যান উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, কলকাতা বইমেলা ২০২৫ যেভাবে ফোকাল থিম দেশ হিসেবে জার্মানিকে নির্বাচিত করেছে, তার জন্য তাঁরা সম্মানিত।

প্রসঙ্গত উল্লেখ্য, স্থপতি অনুপমা কুণ্ডুর ডিজাইন করা জার্মানির প্যাভেলিয়ানের থিম ‘শেল্ফ লাইফ’। এটি বইয়ের প্রতি সাংস্কৃতিক শ্রদ্ধা ও স্থায়িত্বের এক অনন্য মিশ্রণ হবে, যা জার্মানি ও ভারতের মধ্যে গভীর বন্ধুত্বকে প্রতিফলিত করবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
 

Post Tags
Developed by DXDasia