
ডিরেক্টর সিকিউরিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সুনিশ্চিত করবেন মুখ্যসচিব
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। দায়িত্ব থেকে সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটি বিবেক সহায়কে। পাশাপাশি সাসপেন্ডও করা হল বিবেক সহায় এবং প্রবীণ প্রকাশকে। ডিএম এবং পুলিশ সুপার পদে নিয়োজিত হলেন যথাক্রমে স্মিতা শুক্লা এবং সুনীল কুমার যাদব। জেড-প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পালনে ব্যর্থতা হেতু বিবেক সহায়ের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে বলা হয়েছে, আগামীকাল বেলা একটার মধ্যে বিকল্প ডিরেক্টর সিকিউরিটি নিয়োগ করার আদেশ জারি করতে।
পাশাপাশি কমিশন আরও নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ওই ঘটনার তদন্ত শেষ করে ডিরেক্টর সিকিউরিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সুনিশ্চিত করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে, আগামি তিনদিনের মধ্যে মুখ্যসচিব এবং ডিজিপি যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, ডিরেক্টর সিকিউরিটি-র অধস্তন সিকিউরিটি কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। এর জের কতদূর গড়ায়, তা নিয়েই এই মুহূর্তে আলোড়িত রাজ্য রাজনীতি।
