
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর দিন ঘোষণা
অবশেষে বিধানসভা ভোটের দিন ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা প্রকাশ করলেন তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে নির্বাচনের দিনও। কোভিড পরিস্থিতিতে কীভাবে ভোট করানো হবে, তা নিয়েও সবিস্তার আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে ভোট হবে ২৯৪টি আসনে। করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যক আসনে ভোট করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধিও চালু হয়ে গেল। সে ক্ষেত্রে রাজনীতিকদের প্রচার এবং ভাষণের দিকে কড়া নজর থাকবে কমিশনের।
বাংলায় বুথ সংখ্যা ১,০১,৯১৬। ২০২১ সালে এই বুথ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩১.৬৫ শতাংশ। স্পর্শকাতর ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সমস্ত ভোটকেন্দ্রের একতলায় থাকবে বুথ। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন সর্বোচ্চ পাঁচজন। প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন অনলাইনে। এমনকি ভোটদানের সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে। প্রচারে কোন কোন ফাঁকা মাঠ থাকবে, তার তালিকা তৈরি হবে। বাংলায় থাকবে দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক – বিবেক দুবে এবং মৃণাল দাস।
বাংলা-সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে। বাংলায় ভোট হবে ৮ দফায়। জানুন কবে, কোথায় ভোট।
প্রথম দফাঃ ৩০ আসনে ভোট হবে ২৭ মার্চ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (পার্ট ওয়ান), পূর্ব মেদিনীপুর (পার্ট ওয়ান), পুরুলিয়া, বাঁকুড়া।
দ্বিতীয় দফাঃ ৩০ আসনে ভোট হবে ১ এপ্রিল। পশ্চিম মেদিনীপুর (পার্ট টু), পূর্ব মেদিনীপুর (পার্ট টু), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট ওয়ান)।
তৃতীয় দফাঃ ৩১ আসনে ভোট হবে ৬ এপ্রিল। হাওড়া (পার্ট ওয়ান), হুগলি (পার্ট ওয়ান), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট ২)।
চতুর্থ দফাঃ ৪৪ আসনে ভোট হবে ৯ এপ্রিল। হাওড়া (পার্ট টু), হুগলি (পার্ট টু), দক্ষিণ ২৪ পরগনা (পার্ট ৩), কোচবিহার, আলিপুরদুয়ার।
পঞ্চম দফাঃ ৪৫ আসনে ভোট হবে ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা (পার্ট ওয়ান), নদিয়া (পার্ট ওয়ান), দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান (পার্ট ওয়ান)।
ষষ্ঠ দফাঃ ৪৩ আসনে ভোট হবে ২২ এপ্রিল। নদিয়া (পার্ট টু), উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান (পার্ট টু)।
সপ্তম দফাঃ ২৬ এপ্রিল। ৩৬ আসন। দক্ষিণ কলকাতা, মালদা (পার্ট ওয়ান), মুর্শিদাবাদ (পার্ট ওয়ান), পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর।
অষ্টম দফাঃ ৩৫টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। উত্তর কলকাতা, মালদা (পার্ট টু), বীরভূম।
