গোটা উত্তর ২৪ পরগনায় কাঠি-রোলের একমাত্র হদিস ডানলপে

লসুনি পালক থেকে নারাঙ্গি মুর্গ টিক্কা – আছে রকমারি সব ডিশ

ঠিক ডানলপ মোড়েই সিঁথির দিকে যেতে বি টি রোডের বাঁ দিকে একটা ঝাঁ-চকচকে পাঞ্জাবি হোটেল। বয়সে নবীন হলেও অঞ্চলের ভোজনবিলাসী মানুষের কাছে যথেষ্ট নাম করেছে এখানকার রকমারি সব খাবার। ডানলপ অঞ্চলের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৬৭ সালে এখানে ছিল একটা ধাবা। ইয়ারান নাল বাহারান নামের একটি কোম্পানি চালান সুখজিৎ সিং, রণবীর সিং, কুলবিন্দর সিং, গুরুশরণ সিং, খাজান সিং – পাঁচ জন বন্ধু মিলে। তাঁরা এই ধাবাকেই মাল্টিক্যুইজিন রেস্তোরাঁ বানিয়ে তোলেন। গত বছর ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে এই নিউ শের-ই-পাঞ্জাব হোটেল। আগে যেখানে তড়কা, রুটির মতো কয়েকটা মাত্র আইটেম পাওয়া যেত, সেখানে মিলতে লাগল ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি – তিন ধরনেরই বিচিত্র নানা রকম খাবার। 

এখানকার স্পেশাল ডিসগুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটি খাবার হল মাটন নল্লি নিহারি। খাসির মজ্জা দিয়ে তৈরি হয় কারি। সেটাই নাল্লি নিহারি। ইন্ডিয়ান নন-ভেজ বিভাগের মধ্যে পড়ে এই খাবার। তাছাড়া, আশেপাশের খাদ্যরসিক অঞ্চলে এই দোকানের বিরিয়ানির কদরই আলাদা। সাধারণ মানের বিরিয়ানিতে যে তৈলাক্ত ভাব থাকে, তা এখানকার বিরিয়ানিতে খুঁজে পাওয়া যাবে না একদমই। তার প্রধান কারণ, এখানে বিরিয়ানিতে দম দেওয়ার সময় বিশেষ যত্ন নেওয়া হয়। নিউ শের-ই-পাঞ্জাব হোটেলের আরেকটা জনপ্রিয় খাবার চিকেন তন্দুরি। নতুন মেনুতে যোগ হয়েছে আরও কয়েকটি লোভনীয় খাবার। যেমন মাছের আইটেম বাদামি ফিস টিক্কা আর চিকেনের আইটেম নারাঙ্গি মুর্গ টিক্কা। মুসাম্বি লেবু দিয়ে নারাঙ্গি মুর্গ টিক্কা বানানো হয়। আরেকটা জনপ্রিয় খাবার চিলেন ইন চিলি প্লাম। এটা চাইনিজ আইটেম। মশলাদার খাবারের মধ্যে আছে মুর্গ মির্চ মশালা। আর রোল তৈরিতেও নাম করেছে এই হোটেল। কাঠি-রোল তো নিউ শের-ই-পাঞ্জাব হোটেল ছাড়া আর কোথাও পাওয়া যায় না এই গোটা উত্তর ২৪ পরগনায়। ডানলপের এই রেস্তোরাঁ বাদে এটি খেতে হলে আপনাকে যেতে হবে সেই পার্ক স্ট্রিট কিংবা ধর্মতলা। 

আমিষ তো বটেই, এই রেস্তোরাঁর নানা রকমের ভেজ আইটেমও মন জয় করে নিয়েছে ডানলপ অঞ্চলের বাসিন্দাদের। পনির বাটার মসালা এখান থেকে কিনে নিয়ে যান বহু মানুষ। তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় ভেজ আইটেম হল লসুনি পালক। এই খাবারটির চাহিদাই এই দোকানের খরিদ্দারদের কাছে সবথেকে বেশি। পালং শাকের মধ্যে রসুন দিয়ে বানানো হয় এই ডিস। স্পাইনাক চিজ রোলও খেতে খুব ভালো। এর পাশাপাশি স্পেশাল ডিস রয়েছে পনির মেঠি মালাই। খাওয়াদাওয়ার শেষে ক্রেতাদের জন্য রাখা থাকে বিশেষ ধরনের গুড়। এই গুড় আসে খোদ পাঞ্জাব থেকে। বাঙালি খাদ্যরসিকদের পাঞ্জাবি সংস্কৃতির ফ্লেভার দেওয়ার জন্যই এই ব্যবস্থা। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, ভবিষ্যতে আরও কয়েকটি লোভনীয় আয়োজন বাজারে আনার পরিকল্পনা রয়েছে এদের। যেমন, এখানে থাকবে একটা মকটেল কাউন্টার। গরম কালে মার্চ-এপ্রিল নাগাদ চালু হবে এটি। নিউ শের-ই-পাঞ্জাব হোটেলের পক্ষ থেকে রণবীর সিং বঙ্গদর্শনের পাঠকদের উদ্দেশ্যে জানালেন, “এই অঞ্চলের সেরা খাবার আপনারা এখানে পাবেন, এই বিষয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি। খাবারের গুণগত মানে আমরা কখনও কম্প্রোমাইজ করি না”।

 

Developed by DXDasia