সাহানা-স্যমন্তকের নতুন অ্যালবাম ‘উল্টো কথা কই’ : রবীন্দ্রগানে সাহসী সাউন্ডস্কেপ

লোফাই বা ইডিএম জঁরের এই রবীন্দ্রসংগীতগুলি হয়ে উঠেছে স্বতন্ত্র, স্বাধীন

বীন্দ্রনাথের গানের যে মাধুর্য, তা যুগের সঙ্গে তাল মিলিয়ে ডালপালা বিছিয়েছে দেশ থেকে দেশান্তরে। তার যতখানি বিস্তার, গভীরতাও ততখানি। অতিবৃদ্ধ থেকে অতিতরুণ – রবীন্দ্রনাথের গান শোনেননি, এ বোধহয় বিরল। তথাকথিত সংগীত-ক্যানভাসের বাইরে বেরিয়ে রবীন্দ্রনাথের গান আরও জনপ্রিয় হয়ে উঠেছে অ্যারেঞ্জমেন্টের অভিনবত্বের জন্য। ঠিক যেমন সম্প্রতি শোনা সাহানা বাজপেয়ী এবং স্যমন্তক সিনহার নতুন অ্যালবাম ‘উল্টো কথা কই’। গাইছেন সাহানা বাজপেয়ী এবং স্যমন্তক সিনহা। অ্যালবামে থাকা মোট ৬টি গান মূল ভাবনা থেকে এতটুকুও সরেনি। অথচ প্রথম শোনাতেই চোখ বন্ধ করা একটা অনুভূতি আছে। যাকে বাংলায় হয়তো বলে নতুনত্ব। এই নতুনের জন্যই বারবার রবীন্দ্রনাথের কাছে আসা।

অ্যালবামে বাছা হয়েছে ‘মোরে বারে বারে ফিরালে’, ‘ডাকে বার বার ডাকে’, ‘গভীর রজনী নামিল হৃদয়ে’, ‘ভালো মানুষ নই রে মোরা’, ‘এ পরবাসে রবে কে’ এবং ‘খরবায়ু বয় বেগে’। তার মধ্যে ‘মোরে বারে বারে ফিরালে’ (১৯০৬), ‘ডাকে বার বার ডাকে’ (১৯১১), ‘গভীর রজনী নামিল হৃদয়ে’ (১৯০৩), ‘এ পরবাসে রবে কে’ (১৮৮৫) পূজা পর্যায়ের গান এবং ‘ভালো মানুষ নই রে মোরা’ (১৯১৫), ‘খরবায়ু বয় বেগে’ (১৯২৭) বিচিত্র পর্যায়ের গান।

তরুণ বয়সের পর রবীন্দ্রনাথ আর নিজের গানে বিদেশি সুর বসাননি। নাটকে, চিত্রে, উপন্যাসে, কবিতায় সর্বত্র তাঁর আপন মনের নিজস্ব ভাবটি নিয়েই মেতে থেকেছেন। যদিও রবীন্দ্রনাথ শৈশব থেকে শুনেছেন বেটোফেন, মোৎজ়ার্ট, বাখ, ওয়াগনার। শুনেছেন যদুভট্ট। তাঁর সমস্ত সৃষ্টির মধ্যে গানকে অনন্য জায়গা দিয়েছেন। প্রত্যাশা করেছেন গানের মধ্যে দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন। একবিংশ শতকও ধারণ করে রেখেছে রবীন্দ্রগানের মর্ম। এমনকি ‘অবাঙালি’ শিল্পীরাও বুঝিয়েছেন, রবীন্দ্রসংগীতের প্রকৃত মহিমা।

‘উল্টো কথা কই’ অ্যালবামের গানগুলি নতুনভাবে অ্যারেঞ্জ করেছেন স্যমন্তক সিনহা, সঙ্গে শিঞ্জন নিয়োগীর যোগ্য ভিস্যুয়াল। গানের অ্যালবাম কতজন মানুষ কিনে শোনেন, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও এ কথা অস্বীকার করার উপায় নেই সংগীতশিল্পীদের গান প্রকাশের বর্তমান মাধ্যম ইউটিউব। ইউটিউব আসার ফলে গান আর শুধুমাত্র কানে শোনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উন্মুক্ত হয়েছে দৃশ্য বা আর্ট ওয়ার্কের পরিসর। আলোচ্য অ্যালবামের গান শুনতে শুনতে দেখা যাবে চমৎকার অ্যানিমেশন। যেন পুরো অ্যালবাম জুড়ে দৃশ্যের মাধ্যমে একটি গল্প বোনা হয়েছে।

‘এ পরবাসে’-র মতো ধ্রুপদাঙ্গের গানের পাশাপাশি রয়েছে ‘ডাকে বার বার ডাকে’-র মতো খেয়াল। প্রত্যেকটি গান লোফাই (LoFi) বা ইডিএম (Electornic Dance Music) জঁরের।

রবীন্দ্রসংগীত মানেই যে শুধুমাত্র টিপিক্যাল সাউন্ডস্কেপ নয়, তা এর আগেও করে দেখিয়েছেন সাহানা-স্যমন্তক। ‘খরবায়ু বয় বেগে’ রুদ্ররসের গান। সে গানে আছে ভীষণ উদ্দামতা। স্যমন্তকের অ্যারেঞ্জমেন্টে তা চমৎকার ভাবে ধরা পড়েছে। সঙ্গে সুদক্ষ গলায় গানটি গেয়েছেন সাহানা। গানের পুরোটা জুড়ে হারমোনাইজ করেছেন স্যমন্তক। যা রবীন্দ্রসংগীতে অভিনব, স্বতন্ত্র। গানের গতি নতুনভাবে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত হয়েছে। আবার ‘এ পরবাসে রবে কে’ একলার গান। এ গান নিজেকে হারিয়ে ফেলারও। কাউকে খোঁজা চলছে যেন। নাহলে রবীন্দ্রনাথ কি লিখতে পারতেন, “কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে”! গানের মর্মার্থ অনুধাবন করে বড়ো নির্জনভাবে গাইলেন স্যমন্তক। আবহে কী করুণ জলোচ্ছাস।

‘এ পরবাসে’-র মতো ধ্রুপদাঙ্গের গানের পাশাপাশি রয়েছে ‘ডাকে বার বার ডাকে’-র মতো খেয়াল। প্রত্যেকটি গান লোফাই (LoFi) বা ইডিএম (Electornic Dance Music) জঁরের। গানগুলি সেখানেই নতুন করে গুরুত্ব পেয়েছে। শুধু তাই নয়; সাইকেডেলিক সংগীত, রক সংগীত এবং ভারতীয় রাগ সংগীতের প্রভাব অ্যালবামে পাওয়া যাবে। পাশাপাশি রবীন্দ্রগানের মূল কাঠামো মেনে এসেছে এসরাজ, পাখোয়াজ, শ্রীখোলের চমৎকার ব্যবহার।

সাইকেডেলিক সংগীত, রক সংগীত এবং ভারতীয় রাগ সংগীতের প্রভাব অ্যালবামে পাওয়া যাবে। পাশাপাশি রবীন্দ্রগানের মূল কাঠামো মেনে এসেছে এসরাজ, পাখোয়াজ, শ্রীখোলের চমৎকার ব্যবহার।

সাহানা-স্যমন্তক স্বরলিপি মেনেই গানগুলি গেয়েছেন। তবুও যেন গানগুলি হয়ে উঠেছে স্বতন্ত্র, স্বাধীন। গোটা অ্যালবামটির গান পরপর শুনলে মনে হবে এক সুতোয় বাঁধা আছে মূল ভাবনা ও ছন্দ। যা রবীন্দ্রসংগীত প্রযোজনায় আগে দেখাই যায়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন প্রজন্মের কাছে এই অ্যালবামের প্রত্যেকটি গান আকর্ষণীয় হয়ে উঠবে। তাদের বাংলা গান সর্বোপরি রবীন্দ্রনাথের গানমুখী করতে এই নিরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়।

এককথায় পরীক্ষামূলক অ্যালবাম। প্রযোজনা ও অ্যারেঞ্জমেন্ট করেছেন স্যমন্তক সিনহা। মিক্স অ্যান্ড মাস্টারের পিছনে রয়েছেন অনিন্দিত রায়। চমৎকার অ্যানিমেশন করেছেন শিঞ্জন নিয়োগী। প্রসঙ্গত উল্লেখ্য, ‘উল্টো কথা কই’ সাহানা-স্যমন্তকের দ্বিতীয় রবীন্দ্রসংগীত অ্যালবাম।

Developed by DXDasia