ভারত ও নেপালের সীমান্তবর্তী এলাকার গোদনা চিত্র উঠে এল মারণ জীবাণুর আকৃতিতে

পোস্টার অফ দ্য ডে — মধুরিমা মণ্ডল

ভারত ও নেপালের সীমান্তবর্তী এলাকা মিথিলা। সেখানে বিবাহ, উপনয়ন এবং বিভিন্ন পুজো পার্বণে এক ধরনের চিত্রকলার প্রচলন আছে। যার নাম গোদনা চিত্র। এই চিত্রই এবার নতুনভাবে উঠে এল মধুরিমা মণ্ডলের পোস্টারে। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে মধুরিমা মণ্ডলের এই দুর্দান্ত কাজটি। কলকাতার বেহালায় থাকেন। এই মুহূর্তে বেহালা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। বিষয় প্রাণীবিদ্যা। মধুরিমার এই পোস্টারের বিষয়টি ছিল রাজা সলহেশের কাহিনির একটি ছোটো অংশকে ভিত্তি করে। একদিন রাজা সলহেশ হীরামণ নামের এক পাখির ছদ্মবেশ ধরে বাড়ি ফিরছিলেন৷ তখন রাজকুমারী ফুলমন্তী তাকে ধরার চেষ্টা করেন এবং বিবাহের প্রস্তাব দেন। কিন্তু সলহেশ দুসাদ গোত্রীয় হওয়ায় ফুলমন্তীর বাবা সেই বিবাহে রাজি হননি। যার ফল রাজাকে বন্দি করা। তখন সলহেশের দুই ভাই তাঁকে মুক্ত করার জন্য সৈন্য, হাতি, ঘোড়া নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। ছবির মাঝে রয়েছেন ফুলমন্তী। একপাশে রাজা সলহেশ বন্দি অবস্থায় রয়েছেন৷ চারপাশে হাতি, ঘোড়া ও সৈন্যদের দল। মধুরিমা এই ছবিটি এঁকেছেন কালো জেল পেন ও পোস্টার কালারের সাহায্যে।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন মধুরিমা মণ্ডল। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia