
পোস্টার অফ দ্য ডে — অহিতাগ্নি রায়চৌধুরী
কবীর সুমন তাঁর গানে লিখেছিলেন, "ফড়িঙের ডানাতেও এ জীবন দেয় ডাক/ বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক/ সাড়া দাও"। ফড়িঙের ডানার নতুন দৃশ্যকল্প নিয়ে এলেন শিল্পী অহিতাগ্নি রায়চৌধুরী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে অহিতাগ্নি রায়চৌধুরীর এই দুর্দান্ত কাজটি। ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ কমিউনিকেশন (NICC) থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর বর্তমানে প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ করেন। বাস হুগলি জেলার চন্দননগরে। অহিতাগ্নি বলেন, এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে লোহার বিভিন্ন তার দিয়ে। লকডাউনেই তৈরি করেছেন এটি। বার্তা দিতে চেয়েছেন মুক্তির পথের৷ ফড়িঙের এই যে ডানার মুক্তি, তা মানুষ এখন বুঝতে পারছে। গৃহবন্দি দশা থেকে এরকম অজস্র ফড়িঙের মতোই মানুষ আজ মুক্তির পথ খুঁজছে। তাই এই পোস্টার ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অহিতাগ্নি রায়চৌধুরী। শিল্পীকে অভিনন্দন।
