ভিতরের সৌন্দর্যই হল বেঁচে থাকার আয়না — মারণ জীবাণুর আকৃতিতে এল সেই বার্তা

পোস্টার অফ দ্য ডে — ঐশী মুখার্জী

সৌন্দর্য সংক্রামিত হোক — অন্ধকার সময়ে এই বার্তাই দিতে চাইলেন শিল্পী ঐশী মুখার্জী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে ঐশী মুখার্জীর এই দুর্দান্ত কাজটি। কলকাতার সিঁথির মোড় এলাকায় থাকেন ঐশী। পড়াশোনা করেছেন গণ যোগাযোগ (মাস কমিউনিকেশন) নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে নিযুক্ত রয়েছেন। ঐশীর পোস্টারে দেখা যাবে একইসঙ্গে দুটো মুখ, যা খানিক ইলিউশনের মতো। তার ঠোঁট, চুল, চোখ এরকম প্রত্যেকটি জায়গা ধারণ করেছে মারণ জীবাণুর আকৃতিতে। যদিও ঐশী মানুষের উপরের সৌন্দর্যের কথা বলতে চান না, বলতে চান অন্তর্লীন সৌন্দর্যের কথা। যা নিজের সঙ্গে নিজের— যে আয়নার সামনে দাঁড়াতে পিছুপা হবে না, ক্রমাগত প্রশ্ন করে যেতে পারবে যেকোনো ব্যবস্থার উপর। আক্ষরিক অর্থেই সেই ভিতরের সৌন্দর্য থাকলে সমগ্র বিশ্ব হেসে উঠবে— সেখানে সমস্তরকম বিপর্যয় কাটিয়ে মানুষ গেয়ে উঠবে জীবনের জয়গান। তাই শুধুমাত্র নিজের জন্য নয়, এই সৌন্দর্য জরুরি পাশের মানুষগুলোকে ভালো রাখার জন্যেও।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন ঐশী মুখার্জী। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia