
পোস্টার অফ দ্য ডে — বিতর্কা মজুমদার
গান শুনুন, গানের সুরে ভাসুন — এই বার্তাই দিচ্ছেন আজকের শিল্পী বিতর্কা মজুমদার। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে বিতর্কা মজুমদারের এই দুর্দান্ত কাজটি। বিতর্কা পশ্চিমবঙ্গের খড়দহের বাসিন্দা। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। তিনি বিশেষভাবে সক্ষম মানুষ (শ্রবণ প্রতিবন্ধী) হলেও কাজের মাধ্যমে তিনি বলতে চান, এই সংকটময় পরিস্থিতিতে প্রচুর গান শুনুন। কারণ গানের চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। তাঁর পোস্টারটিতে দেখা যাচ্ছে, কয়েকটা মিউজিক্যাল কর্ডস ছড়িয়ে রয়েছে বিশ্বব্যাপী। সেই বিশ্বের আকার নিয়েছে মারণ জীবাণু কোভিড-১৯। বিশ্বজুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়ুক ওয়ার্ল্ড মিউজিক। জীবনে ছেয়ে যাক সুর, তাল, লয়, ছন্দ। এভাবেই জীবনে বেঁচে থাক ইতিবাচকতা।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন বিতর্কা মজুমদার। শিল্পীকে অভিনন্দন।
