
ইতিমধ্যেই ছবি জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
করোনাকালে অন্যরকম দিশা দেখিয়েছে কান চলচ্চিত্র উৎসব। সেখানে রমরমিয়ে চলছে উৎসবের ৭৩তম সংস্করণ। তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি কতটা ভয়ানক হবে, তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই এতকিছুর মধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম সংস্করণ নতুন আপডেট নিয়ে এল।
তথ্য-সংস্কৃতি দপ্তর এবং কিফ-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৭-১৪ জানুয়ারি, ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব। তবে করোনা পরিস্থিতিতে বদলাতে পারে তারিখ। যদিও প্রস্তুতির ঘাটতি নেই। ইতিমধ্যেই ছবি সাবমিশন নেওয়া শুরু হয়েছে। তাদের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, গতবারের মতো এবারেও সিনেমার বিভাগ কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিযোগিতা বিভাগের মধ্যে রয়েছে – ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ইনোভেশন ইন মুভিং ইমেজেস), কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডক্যুমেন্টারি এবং শর্ট ফিল্মস। এছাড়াও রয়েছে সিনেমা ইন্টারন্যাশনাল এবং বেঙ্গলি প্যানোরমার মতো গুরুত্বপূর্ণ বিভাগ।
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবি জমা নেওয়া হবে। ২০২১ সাল মানেই সত্যজিৎ রায়ের শতবর্ষ। ইতিমধ্যেই কিফ-এর অফিশিয়াল ওয়েবসাইটকেও সেইভাবে সাজানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, সত্যজিৎ রায়ের ছবি, তথ্যচিত্র এবং অন্যান্য কাজগুলি আরও একবার বড়োপর্দায় দেখার সুযোগ আসতে চলেছে। মিডিয়া পার্সেন, অতিথি, সাধারণ দর্শক সকলকেই করোনাবিধি কঠোরভাবে মানতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখেই হবে চলচ্চিত্র উৎসব। উদ্বোধন হতে পারে ভার্চুয়ালি।
