
এবার থেকে শনিবারে ঝুলবে তালা
১২২ বছরের পুরোনো, কলকাতার একমাত্র ইহুদি কনফেকশনারি নাহুমস-এর মুখরুচি খাবারের তালিকা থেকে বাদ গেল মুরগির যাবতীয় পদ। শুধু তাই নয়, এখন থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে নিউ মার্কেটের শতবর্ষপ্রাচীন এই দোকান। ইজরায়েল থেকে এ ব্যাপারে নির্দেশ পাঠিয়েছেন নাহুমস-এর বর্তমান কর্ণধার অ্যাড্যাম নাহুম।

শনিবার দিনটিকে ইহুদিরা বিশ্রামের দিন বলে মনে করেন। এই দিনে ইহুদি ধর্মাবলম্বীরা বাইবেলের গল্পগুলিকে স্মরণ করেন। সে কারণেই এবার থেকে শনিবারে তালা ঝুলবে নাহুমস-এ।
কথায় আছে, ঘ্রাণে অর্ধ ভোজন। কেক-পেস্ট্রি ছাড়াও একসময় দোকানটির বাইরে দাঁড়ালেই মুরগির হরেকরকম প্যাটিস আর পাফের গন্ধে মন ভরে যেত অনেকের। শোনা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে মহানায়িকা সুচিত্রা সেন নাহুমসের চিকেন প্যাটিসের ভক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ায় মন খারাপ খাদ্যরসিকদের। হঠাৎ, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?
আরও পড়ুন: কোরিয়ান খাবারের চল বাড়ছে কলকাতায়—কেন?
এসপ্ল্যানেড ম্যানসন, চৌরঙ্গি ম্যানসন, নাহুমস, এজরা স্ট্রিট, সিনাগগ স্ট্রিট— শহর জুড়ে ছড়িয়ে আছে কলকাতার ইহুদিদের ইতিহাস। স্বাধীনতা উত্তর সময়ে ধারাবাহিক ভাবে ইহুদিদের সংখ্যা কমেছে কলকাতায়। অনেকেই পাড়ি জমিয়েছেন ইজ়রায়েলে বা অন্যান্য দেশে। যেমন নাহুমরা এখন ইজ়রায়েলেই থাকেন। সেখান থেকেই দোকান পরিচালনা করেন, তবে বছরে একবার কলকাতায় পা রাখতেই হয় ব্যবসা পর্যবেক্ষণের জন্য। নাহুম ভাইদের মধ্যে সলমন ও ডেভিড নাহুমের সমাধি রয়েছে কলকাতার নারকেলডাঙায়। তা বাদে শহরে ক্রমশ তলানিতে ঠেকা ইহুদি-সমাজ এখন জনা কুড়িতে ঠেকেছে। চার দশক কেটে গিয়েছে, ইহুদিদের নতুন প্রজন্ম জন্মায়নি এ শহরে।
জানা যাচ্ছে, ইহুদী ধর্মীয় নিয়মনীতির বেড়াজালে চিকেনের এই পদগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইহুদি কসাই আইন মেনে মুরগি কাটার উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না ইত্যাদি নানা নিয়ম মেনে চলায় সমস্যা হচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে, শনিবার দিনটিকে ইহুদিরা বিশ্রামের দিন বলে মনে করেন। এই দিনে ইহুদি ধর্মাবলম্বীরা বাইবেলের গল্পগুলিকে স্মরণ করেন। সে কারণেই এবার থেকে শনিবারে তালা ঝুলবে নাহুমস-এ।

প্রসঙ্গত, বেকারিটি ১৯০২ সালে বাগদাদী ইহুদি নাহুম ইসরায়েল মোর্দেকাই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েল তাঁর বেকারির ব্যবসা শুরু করেন বাড়ি বাড়ি খাবার বিক্রির মাধ্যমে। এবং তাঁর মিষ্টি খাবার সেই সময় ঔপনিবেশিক শাসকদের দৃষ্টি আকর্ষণ করে। ১৯১৬ সালে নিউ মার্কেটের হগ মার্কেটে বর্তমান বিপণিটি সূচনা হয়। বিভিন্ন পাউরুটি, হার্ট কেক, ভ্যানিলা আর চকোলেট কেক, ব্রাউনি, ক্লাসিক ফ্রুট কেক, লেবুর টার্টস বা তাজা বেকড কুকিস এখানকার বিশেষত্ব। আজও কলকাতায় বহু দূর থেকে এখানে খাবারের খোঁজে আসেন বহু মানুষ। আর বড়োদিন হলে তো কথাই নেই!
