‘গ্র্যান্ড মাস্টার’ হলেন বাংলার মিত্রাভ গুহ

ফের বিশ্বের দরবারে পৌঁছে গেল বাংলার দাবা-পারদর্শীতা

দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়দের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করলেন কলকাতার টালিগঞ্জ নিবাসী দাবাড়ু মিত্রাভ গুহ। দেশের ৭২তম তথা বাংলার নবম ‘গ্র্যান্ড মাস্টার’ হয়ে মাত্র ২০ বছর বয়সেই দাবার ইতিহাসে নজির গড়লেন তিনি। তাঁর হাত ধরেই ফের বিশ্বের দরবারে পৌঁছে গেল বাংলার দাবা-পারদর্শীতা। মিত্রাভকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সার্বিয়ার নবি সাদে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন তিনি। শনিবার থেকে সার্বিয়ায় দাবা প্রতিযোগিতা শুরু হয়েছিল। মঙ্গলবার নর্ম নিশ্চিত করেন মিত্রাভ। সপ্তম রাউন্ডে মিত্রাভ হেরে যান রাশিয়ার গ্র‌্যান্ডমাস্টার ভ্লাদিমির জাখারোতসোভের কাছে। কিন্তু পরের দু’টো রাউন্ডে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে দ্বিতীয় নর্ম নিশ্চিত করেছিলেন মিত্রাভ। একজন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি জিএম নর্ম পেতে হয়। সার্বিয়ায় সেই যোগ্যতাই অর্জন করেছেন তিনি। নিকোলা সেডলকে নবম রাউন্ডের লড়াইয়ে হারিয়েই গ্র্যান্ড মাস্টারের খেতাব পাকা করে ফেলেন মিত্রাভ৷ ৯ রাউন্ডের মধ্যে ৬টি গেম জিতে ৭ পয়েন্ট পান মিত্রাভ ৷

মিত্রাভর এই পারফরম্যান্সে খুশি বাংলার দাবা মহল৷

Post Tags
Developed by DXDasia