
এখন থেকে ক্রিকেটে আর ‘ব্যাটসম্যান’ বলে কোনো শব্দ থাকছে না
সময় বদলেছে, তার সঙ্গে সঙ্গে বদল এসেছে অনেক কিছুতেই। যে খেলার জগতে একসময় শুধুমাত্র পুরুষ-প্রবেশাধিকার ছিল, মেয়েরা নিজগুণে অর্জন করে নিয়েছে তাদের প্রাপ্য অধিকার, তাদের জন্য খুলে গেছে খেলার জগতের রুদ্ধদ্বার। ক্রিকেট ইতিহাসে ১৭৪৪ সাল থেকে ব্যবহার হয়ে আসছে ‘ব্যাটসম্যান’ শব্দটি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ছেদ পড়লো সেই নিয়মে। এখন থেকে ক্রিকেটে আর ‘ব্যাটসম্যান’ বলে কোনো শব্দ থাকছে না। তার বদলে ব্যবহার করা হবে লিঙ্গ-নিরপেক্ষ ‘ব্যাটার’ শব্দটি। বুধবার থেকেই এই নতুন নিয়ম সব ধরনের ক্রিকেটে প্রযোজ্য হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেটের আইন নির্ধারক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা ‘এমসিসি’।
২০১৭ সালে শেষবার আইসিসি-র সঙ্গে আলোচনার পরে ঠিক হয়েছিল, ‘ব্যাটসম্যান’ শব্দটিই থাকবে। এর চার বছর পর তাতে বদল এলো। ‘বোলার’ বা ‘ফিল্ডার’—এই শব্দ দু’টি ব্যবহারের ক্ষেত্রে কোথাও কোনও লিঙ্গ বৈষম্য নেই। সেরকমই ব্যাটার শব্দে কোথাও বৈষম্য নেই। এক সংবাদপত্রে ক্রিকেট ইতিহাসবিদ বোরিয়া মজুমদার বিবৃতি দিয়েয়েন, ‘আমি বহুদিন ধরেই বলছিলাম, ব্যাটসম্যান শব্দটা থাকা মানে অর্ধেক পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেন এটা হবে? এমসিসি-র এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক।’
শুরু থেকে না হলেও, মেয়েদের ক্রিকেট বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। অন্যদিকে, আফগানিস্তানে যখন তালিবানি ফতোয়ায় মেয়েদের খেলাধুলোর ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অনেকেই মনে করছেন, এই সময় এমসিসি-র এই সিদ্ধান্তের ঘোষণা তাৎপর্যপূর্ণ। বেশ কিছু দেশে ইতিমধ্যেই ‘ব্যাটার’ শব্দটি ব্যাটসম্যানকে বোঝাতে ব্যবহার করা হয়। নতুন এই আইনটি অনুমোদন করার পর এমসিসি-র আইন নির্ধারক কমিটি থেকে জানানো হয়েছে, এমসিসি বিশ্বাস করে, লিঙ্গ-নিরপেক্ষ এবং বৈষম্যহীন শব্দটির ব্যবহার সর্বজনগ্রাহ্য হিসেবে খেলাটিকে আরও মান্যতা দেবে।
সম্প্রতি ইংল্যান্ডে নতুন টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' চলাকালীন ভাষ্যকারদের একাংশ 'থার্ডম্যান'-কে 'থার্ড' হিসেবে বর্ণনা করেছেন। অনুমান করা হচ্ছে, এবার পরিবর্তনের পথে ক্রিকেটের এই শব্দটিও।
