বালুরঘাটে নদী বাঁচাতে হাজির ‘জলবন্ধু দল’

শিশুদের নিয়ে অভিনব এই উদ্যোগ নজর কেড়েছে অনেকেরই

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবহমান আত্রাই নদী। কিন্তু মহাভারত ও কামাখ্যাতন্ত্র অনুযায়ী এই নদীর নাম ছিল আত্রেই। আন্তঃসীমান্ত এই নদী সাপের মত দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে গঙ্গায় মিশেছে। একসময় এই নদীর অফুরন্ত জলরাশিতে চলত বড় নৌকা। অনুকূল পরিবেশ ও মাছের প্রাচুর্যের কারণে নদীর দুইপারে গড়ে উঠেছিল মানুষের বসতি। কিন্তু আজ এই নদী মৃতপ্রায়। নদীর উপর তৈরি করা হয়েছে প্রচুর বাঁধ। তিস্তার মূল স্রোত থেকে বিচ্যুত হয়ে বর্তমানে তার রূপ পবরিবর্তন হয়েছে। এছাড়া ক্রমবর্ধমান আবর্জনায় দূষিত হচ্ছে নদীর জল। নদী আজ নালার চেহারা নিয়েছে। ঐতিহ্যবাহী এই নদী রক্ষায় এগিয়ে এসেছে বালুরঘাটের নদী ও স্থানীয় পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত একটি ক্লাব। এই ক্লাবের সদস্যরা তৈরি করেছেন শিশুদের একটি দল। নাম ‘জলবন্ধু দল’। নদী পরিষ্কার পরিচ্ছন ও দূষণমুক্ত করাই এখন প্রধান লক্ষ্য এই দলের।

আত্রাই নদীর উৎপত্তি পশ্চিম বাংলায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং বালুরঘাট ব্লকের মধ্যে প্রবাহিত হয়েছে এই নদী। দিনাজপুর জেলায় এই নদীটি গবুরা এবং কঙ্করা নামে দুটি নদীতে বিভক্ত হয়েছে। আগে তিস্তার জল গঙ্গায় পতিত হওয়ার জন্য এটি ছিল প্রধান প্রণালী। ১৭৮৭ সালে তিস্তা তার প্রাচীন নদীখাত ছেড়ে হয়ে আসে এবং নিজে থেকে একটি নতুন ও প্রশস্ত প্রণালী খনন করে ব্রহ্মপুত্রে এসে পড়ে। এরপর থেকেই আত্রাই তার গুরুত্ব হারায়।

শিশুরা হল দেশের ভবিষ্যৎ। আজকের শিশুর হাতেই থাকে পরবর্তী প্রজন্মের রক্ষার দায়িত্ব। তাই জলবন্ধু দলের সদস্যরা হল স্থানীয় শিশুরা। এই শিশুদের পরিবেশ রক্ষার জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে। এরা প্রতিদিন আত্রাই নদীর পাড়ে আয়োজন করছে পথনাটকের। এই নাটকের মাধ্যমে গ্রামবাসীকে নদীতে প্লাস্টিক ও আবর্জনা না ফেলার কথা বলা হচ্ছে। নদীর পারে মল-মূত্র ত্যাগ করা উচিত নয়। নদী দূষিত হলে প্রাণীকূলও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, গ্রামের বাড়ি বাড়ি ঘুরে শিশুরাই চালাচ্ছে নদীবাঁচাও আন্দোলন।  

Developed by DXDasia