মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল কমিশন

শুক্রবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে

‘হামলা’ হয়েছিল, নাকি এটা নিছক দুর্ঘটনা? নন্দীগ্রামে কী ভাবে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছেও রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল ৫টার মধ্যে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও)-এ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রিপোর্ট তলবের পাশাপাশি ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও। ইতিমধ্যে রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি এক দফা কথাও বলেছেন বলে সূত্রের খবর। রাজ্যের কাছ থেকে পাওয়া রিপোর্ট দেখার পর, তা পৌঁছবে দিল্লির নির্বাচন সদনে। হামলা হয়ে থাকলে, ‘জেড প্লাস’ ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে কী ভাবে তা সম্ভব হল, ভেবে কূল পাচ্ছে না নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়ায় আহত হন মমতা। তাঁর বাঁ পা, কাঁধ এবং কোমরে চোট লাগার কারণে তিনি এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ ভোট প্রচারে ভিআইপিদের নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জেলাশাসক এবং পুলিশ সুপারদের ভিডিয়ো বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।

Developed by DXDasia