বৃহস্পতিবার আহত হওয়ার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীর
বিধানসভা ভোট কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রদেশ সভাপতি অধীর চৌধুরি মন্তব্য করেছিলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন!’’ তাঁর এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভার দলনেতার পদ থেকে অব্যাহতি দেওয়া হল অধীর চৌধুরীকে। ঠিক কী কারণে নির্বাচনের প্রাক-মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হল দলের তরফে?
জানা যাচ্ছে, অধীরের জায়গায় ওই পদে আনা হচ্ছে পঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিংহ বিট্টুকে। এখন তিনি লোকসভায় কংগ্রেসের সচেতক। অধীরকে সরানোর কারণ হিসেবে বলা হয়েছে, বাংলার ভোটের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে রাজ্যে অনেক বেশি সময় দিতে হচ্ছে এবং সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভার স্পিকারের দফতরকে চিঠি দিয়ে ওই পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে অধীরের দায়িত্ব সামলাবেন বিট্টু।
সংসদ পরিচালনা করার জন্য ৫ জনের যে কমিটি রয়েছে, নির্বাচনের কারণে তাঁদের মধ্যে ৪ জন থাকতে পারবেন না। অধীরের কথায়, ‘‘যত দিন সংসদ চলবে তত দিন দায়িত্ব দেওয়া হয়েছে বিট্টুকে। এর অর্থ এই নয় যে আমাকে অপসারিত করা হয়েছে।’’
কংগ্রেস সূত্রের খবর, একই ভাবে অসমের ভোটের কারণে লোকসভার উপ দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাংসদ গৌরব গগৈকে। লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের দায়িত্ব সামলান মোট পাঁচজন। অধীর, গৌরব, কে সুরেশ (কেরল), মানিক টেগোর (তামিলনাড়ু) এবং বিট্টু। বিট্টু ছাড়া চারজনেই তাঁদের রাজ্যের ভোট নিয়ে ব্যস্ত। তাই বিট্টুকে লোকসভা দলনেতার দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে, শোনা যাচ্ছে বাংলার ভোট মিটে গেলে অধীরকে আবার ওই পদে ফিরিয়ে নেবে কংগ্রেস।