নন্দীগ্রামে মীনাক্ষী, সিঙ্গুরে সৃজন – এই প্রথম তরুণদের প্রাধান্য দিল বাম

আইএসএফ নয়, নন্দীগ্রামে বাম ভরসা রাখল নিজেদের প্রতি

আজ দ্বিতীয় দফায় নতুন প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআইএম। যেখানে দেখা গেল একঝাঁক নতুন মুখ তথা তরুণ প্রজন্মের ভিড়। সবচেয়ে উল্লেখযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে লড়াই করবেন DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি সিঙ্গুর থেকে প্রার্থী করা হয়েছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে।

এমনকি, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকেও প্রার্থী ঘোষণা করল বামেরা— জামুরিয়া থেকে ঐশী ঘোষ এবং বালি থেকে দীপ্সিতা জয়ী। এছাড়াও তালিকায় রয়েছেন সায়নদীপ মিত্র (কামারহাটি), প্রতিকুর রহমান (ডায়মন্ড হারবার), অভি দেব (রাজারহাট-নিউটাউন)।

তবে বাংলার নজর নন্দীগ্রামের দিকে। যেখানে একসময় বামেরা বলেছিল আইএসএফ প্রার্থী দেবে। কিন্তু তা না দিয়ে বামেদের দুর্গ ভরসা রাখল ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মীনাক্ষীর প্রতি।

Developed by DXDasia