নন্দীগ্রামে ভোট মিটতেই নজরে উত্তরবঙ্গ; আজই উত্তরে সভা মমতা-শাহের

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে

দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে বৃহস্পতিবার। ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই নজরে উত্তরবঙ্গ। ভোটের উত্তাপ বাড়াতে শুক্রবার উত্তরবঙ্গে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হাজির হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

শুক্রবার নন্দীগ্রামের রেয়াপাড়ার ভাড়াবাড়ি থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন মমতা। জানা গিয়েছে, নন্দীগ্রাম থেকে হেলিকপ্টারে করে প্রথমে কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে উড়ে যাবেন উত্তরবঙ্গে। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কোচবিহার এবং আলিপুরদুয়ার মিলিয়ে তিনটি জনসভা করবেন মমতা। শুক্রবারই অমিতের সভা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে। যে কারণেই জঙ্গলমহলের নির্বাচনের পর এ বার উত্তরবঙ্গে কোমর বেঁধে নামার প্রস্তুতি শুরু। এই তিনটি জনসভা থকেই ১৪টি আসনের জন্য প্রচার সারবেন মমতা। নাটাবাড়ি এবং তুফাগঞ্জের জনসভা সেরে আলিপুরদুয়ারে যাওয়ার কথা তাঁর। এই দফায় মোট ৪৪টি আসনে ভোট হবে।

ঘটনাচক্রে শুক্রবারই উত্তরবঙ্গে ভোট প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে প্রথম সভা করার কথা কোচবিহারের শীতলকুচিতে এবং দুপুরেদ্বিতীয় সভা করার কথা আলিপুরদুয়ারের কালচিনিতে। তার পর সেখান থেকে সোজা চলে আসবেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেখানে একটি রোড শো করার কথা তাঁর। তার পর আরও একটি রোড শো করার কথা আরামবাগে। তৃতীয় দফায় অর্থাৎ ৬ এপ্রিল ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ১৬ আসনে এবং হুগলির ৮টি আসনে।

Developed by DXDasia