নীল আকাশের নিচে এই পৃথিবী…

ঋতঙ্কর মজুমদারের ফটোগ্রাফি

রবীন্দ্রনাথ ঠাকুর ‘জাগ্রত স্বপ্ন’ কবিতায় লিখেছেন, “মাথায় বাঁধিয়া ফুলের মালা/ বেড়াইব বনে বনে/ উড়িতেছে কেশ, উড়িতেছে বেশ/ উদাস পরাণ কোথা নিরুদ্দেশ/ হাতে লয়ে বাঁশি মুখে লয়ে হাসি ভ্রমিতেছি আনমনে।” — নিজের একান্ত জগতের মধ্যে বিচরণ করার দেশে ইচ্ছেমতো কাণ্ডকারখানা বাঁধানো যায়। সেখানে মানা করার কেউ নেই। সেই পৃথিবীতে কোনো অসুখ নেই, মৃত্যু নেই, কান্না নেই, ভুখা পেট নেই — মনগড়া সেই বিশ্বে সবাই সুখী আর যেমন খুশি সাজোর হিড়িক।

লকডাউন, শারিরীক দূরত্ব, আইসোলেশন, কোয়ারেন্টিন জাতীয় শব্দ আমাদের অভিধানে নতুন। মেনে নিতে অসুবিধা হয়৷ কিন্তু মানতে তো হয়ই। বাইরে বেরোতে পারি না। অতএব ঘরের জানলা দিয়ে একফালি আকাশটাই হয়ে উঠেছে প্রাণের আরাম। যত রাগ-অভিমান-দুঃখ সব তার সঙ্গে।স্বপ্নে তখন উড়ি। আমাদের ডানার উপর ভর করে প্রজাপতির দল। আমরা উড়ি। ভিতর ভিতর। আমাদের হাত ধরে ছোটোবেলা আর শৈশবের শক্তিমান। মাঝ আকাশে পাখিদের সঙ্গে তখন আমাদের কত খেলা…

এমনই সব গল্প আর ভুলে যাওয়া স্বপ্নের ছবি তুলেছেন ঋতঙ্কর মজুমদার। তাঁর এই ছবির দুনিয়ায় কোনো ভাইরাস নেই, কোনো অতিমারি নেই; বিস্তৃত যুগের অতলে হারিয়ে যাওয়া আছে, আর আছে স্বপ্নের প্রতিচ্ছবি। গান আর সুরের কোরাস। ঋতঙ্কর একটা সমান্তরাল ইতিবাচক পৃথিবীর সন্ধান দিচ্ছেন।সেখানে কেউ হয়তো গেয়ে উঠবে, “নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর ’পরে ওই নীল আকাশ, আমি দেখেছি…”রইল ঋতঙ্করের ছবির দুনিয়া।

চিত্রগ্রাহকঃ ঋতঙ্কর মজুমদার

Developed by DXDasia