
দিল্লি থেকে আজ সকালেই কলকাতায় এসেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী
নন্দীগ্রামের বিরুলিয়ায় গত পরশু পায়ে গুরুতর চোট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার এসএসকেএম চিকিৎসাধীন, তখনই, আজ দুপুরে হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য নিজের মনোনয়ন পেশ করতে চলেছেন ভোটযুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। রাজ্যের আসন্ন নির্বাচনে সবচেয়ে 'হাইভোল্টেজ' কেন্দ্রে যিনি পদ্মশিবিরের তরফে লড়ছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
উল্লেখ্য, গত পরশু হলদিয়ার মহকুমাশাসকের নিজের মনোনয়নপত্র পেশ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের ঢল নেমেছিল। ঘটনাচক্রে সেই সন্ধেয়ই নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে বাঁ পায়ের গোড়ালি এবং কাঁধ, কব্জি ও মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী। দ্রুত তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম-এ।
নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে নামার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না শুভেন্দু। হলদিয়ায় সভা করে, বিভিন্ন স্থানীয় মন্দিরে পুজো দিয়ে সমর্থকদের নিয়ে মিছিল করে আজ দুপুরে মহকুমাশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু। বিশ্বস্ত সূত্রের খবর, মনোনয়ন পর্বে শুভেন্দুর যাত্রাপথে সঙ্গী হবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, যিনি দিল্লি থেকে আজ সকালেই কলকাতায় উড়ে এসেছেন, এবং হেলিকপ্টারে রওনা দিয়েছেন হলদিয়ায়। শুধু স্মৃতি নন, শোনা যাচ্ছে, শুভেন্দুর মনোবল বাড়াতে তাঁর পাশে থাকবেন বাবুল সুপ্রিয়োও।
