পুরুলিয়ায় বন্যপ্রাণীদের রক্ষা করতে হাজির স্পাইডারম্যান-ব্যাটম্যান-অরণ্যদেবরা

‘সুপারহিরো’ হয়ে সাধারণ মানুষজনকে এগিয়ে আসার বার্তা

আর কমিকসের পাতায় রূপকথার উপাখ্যান নয়, বাস্তবে সবুজ ঘন প্রকৃতির মধ্যে তাঁরা আসবেন। ধ্বংসের মুখ থেকে রক্ষা করবেন বন্যপ্রাণকে। জঙ্গল আর বন্যপ্রাণীদের বাঁচাতে ওই অতিমানবীয় শক্তির কাল্পনিক চরিত্রকেই হাতিয়ার করছে বনবিভাগ। ‘সুপারহিরো’ হয়ে সাধারণ মানুষজনকে এগিয়ে আসার বার্তায় পুরুলিয়ার বনমহলজুড়ে পোস্টারিং করে ডিসপ্লে বোর্ড লাগাবে পুরুলিয়ার বনসম্প্রসারণ বিভাগ। পুরুলিয়ার এই কাজকে স্বীকৃতি দিয়ে সমগ্র রাজ্য জুড়েই জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় এই অভিনব সচেতনতার প্রচার চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।

কারা এই সুপারহিরো? অরণ্যদেব, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ব্ল্যাক প্যান্থার — এদের ছবি সামনে রেখে সেপ্টেম্বরের শুরুতেই তৈরি হয়ে গিয়েছে পোস্টার। পোস্টারে লেখা, “এই সমস্ত সুপারহিরোদের নাম যে সব অরণ্য ও বন্যপ্রাণী দ্বারা অনুপ্রাণিত, তাদের বাঁচাতে আপনাকেই সুপারহিরো হয়ে এগিয়ে আসতে হবে। তবেই বাঁচবে এই পৃথিবী, রক্ষা পাবে সভ্যতা।”

বনদপ্তরের কর্মীরা মনে করছেন, এই অভিনব উদ্যোগের ফলে শুধুমাত্র কিশোর-মনই না, সকলের মনই ছুঁয়ে যাবে। চোরাশিকারীদের ক্রমাগত হামলার ফলে বন্যপ্রাণীদের বাঁচার পরিসর ক্রমশ ছোটো হয়ে আসছে। তাই অপরাধীদের শায়েস্তা করতে সুপারহিরোরা অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। যাঁদের সঙ্গে জঙ্গল ও বন্যপ্রাণের নাম জড়িয়ে আছে। এই যেমন- অরণ্যদেবের সঙ্গে জঙ্গল বা অরণ্য। ব্যাটম্যানের ব্যাট থেকে বাদুড়। স্পাইডারম্যানের স্পাইডার মানে মাকড়সা। আর ব্ল্যাক প্যান্থার অর্থাৎ কালো চিতা।
 

Developed by DXDasia