
নকশার অনুমোদনে ছাড় দেওয়ার পরিকল্পনা চলছে
সারা পৃথিবীর অনেক শহরেই বাড়ির ছাদে পরিবেশবান্ধব কৃষিকাজ করা হয়। এইবার সেই পথেই হাঁটতে চলেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। নিউ টাউনে নতুন বাড়িগুলির ছাদে বাগান তৈরি করলে তবেই নির্মাণের অনুমোদন দেওয়া হবে, এমনই পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।
আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলার নানা অঞ্চলে গাছপালার ক্ষতি হয়েছে। এরকম পরিস্থিতিতে এনকেডিএ পরিকল্পনা করেছে, সব রকম বাড়ির ছাদে বাধ্যতামূলকভাবে বাগান করতে হবে। বাড়ির নকশায় বাগানের পরিকাঠামো না থাকলে মিলবে না অনুমোদন। নাগরিকদের উৎসাহ দিতে নকশা অনুমোদনে ছাড়ের কথাও ভেবেছেন তাঁরা। বাড়ির ছাদে বাগান করলে নকশা অনুমোদনে ২ শতাংশ ছাড় দেওয়া হতে পারে। ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়া বাড়িগুলিতে ছাদ-বাগান করলে ৩ বছর সম্পত্তি করে মিলতে পারে খানিকটা ছাড়।
ছাদের কতটা অংশ বাগানের জন্য সংরক্ষণ করতে হবে, প্রাথমিকভাবে তাও ঠিক করা হয়েছে। ৫ কাঠার বেশি জমিতে বাড়ি হলে ছাদের ৪০ শতাংশ বাগানের জন্য রাখতে হবে। ৩ কাঠা জমিতে বাড়ি হলে ২৫ শতাংশ এবং দেড় কাঠা জমি হলে ১০ শতাংশ ছাদে বাগান হবে। আবাসনের ক্ষেত্রে ৩০০ বর্গমিটার ভবনের ৪০ শতাংশ ছাদ রাখতে হবে বাগানের জন্য। শিক্ষাপ্রতিষ্ঠান হলে এক একর পর্যন্ত জমির ভবনে ছাদের ৩০ শতাংশ এবং তার বেশি হলে ছাদের ২৫ শতাংশ অংশে বাগান তৈরি করা যেতে পারে।
এনকেডিএ-র বোর্ড বৈঠকে ছাদ-বাগান নিয়ে আলোচনা করা হয়েছে। নীতি তৈরি করে তা অনুমোদনের পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। এনকেডিএ-র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশপ্রেমী নাগরিকরা।
