
কাঠমান্ডুতে বসেছিল সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর
আন্তর্জাতিক আসর থেকে টেবিল টেনিসে এক সঙ্গে এতগুলো স্বর্ণপদক জয়ের নজির ভারতে এই প্রথম। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে, ভারতের হয়ে চারটি সোনার পদক জয় করেছেন শিলিগুড়ির টেবিল টেনিস প্যাডলার প্রতীতি পাল।
শিলিগুড়ির টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল অনূর্ধ্ব-১৫ বিভাগে অংশ নিয়েছিল ভারতীয় দলের হয়ে। সেই প্রতিযোগিতায় প্রতীতি দলগত, ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গেলসে সোনার পদক জয় করেছে।
গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসেছিল ছয় দেশীয় সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। শিলিগুড়ির টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল অনূর্ধ্ব-১৫ বিভাগে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের হয়ে। সেই প্রতিযোগিতায় প্রতীতি দলগত, ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গেলসে সোনার পদক জয় করেছেন। অনূর্ধ্ব-১৫ দলগত বিভাগে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আরুষী নন্দীকে সঙ্গে নিয়ে প্রতীতি ডাবলসে সরাসরি ৩-০ সেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অর্থভা নবরঙ্গির সঙ্গে জুটি বেঁধে সরাসরি ৩-০ সেটে পাকিস্তানকে হারিয়ে মিক্সড ডাবলসে সোনা পেয়েছেন প্রতীতি। সিঙ্গেলসে নিজের দেশেরই আরুষী নন্দীকে ৩-১ সেটে হারিয়ে প্রতীতি জিতে নিয়েছেন সোনা।
নিজের বাসস্থান, শিলিগুড়িতে ফিরে টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি জানিয়েছেন, এই জয়ের নেপথ্যে কৃতিত্ব রয়েছে তাঁর প্রশিক্ষকদের, পরিবারের। এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে প্রথম সোনা জয়। দেশের হয়ে চারটি সোনা জয় করতে পেরে তিনি গর্বিত। তাঁর পরবর্তী লক্ষ্য অলিম্পিক থেকে সোনা জয়। সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে চলেছেন বলেও জানিয়েছেন প্রতীতি।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এবার অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে ৬টি দেশের মোট ৮৫ জন প্যাডলার অংশ নিয়েছিলেন এই আন্তর্জাতিক আসরে। ভারতের ঝুলিতে এসেছে মোট ১৩টি সোনার পদক। এর মধ্যে প্রতীতির দখলে ৪টি সোনা। স্বাভাবিক ভাবেই প্রতীতির সাফল্যে উচ্ছ্বসিত বাংলার ক্রীড়ামহল।
