
পোস্টার অফ দ্য ডে — জয়ন্ত দে
শরীরচর্চা সংক্রামিত হোক— বার্তা দিলেন শিল্পী জয়ন্ত দে। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে জয়ন্ত দে'র এই দুর্দান্ত কাজটি। জয়ন্তর পড়াশোনা কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে। বর্তমানে তিনি একজন চিত্রশিল্পী ও গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন। বাস দক্ষিণ কলকাতার যাদবপুরে। জয়ন্ত তাঁর পোস্টারটিতে দেখাতে চেয়েছেন নতুন এবং পুরোনোর মেলবন্ধন। কালীঘাট পটচিত্রের আঙ্গিকে এই ছবিটি এঁকেছেন তিনি। যেখানে দেখিয়েছেন আটপৌরে এক মহিলা বাড়িতেই শরীরচর্চা করছেন। কারণ এই দুঃসময়ে নিজেদের সতেজ রাখতে এবং মন ভালো রাখতে রীতিমতো ওষুধের মতো কাজ করে যোগব্যায়াম বা শরীরচর্চা। নতুন ও পুরোনোর মেলবন্ধনে তিনি দেখিয়েছেন মহিলার সাজ-পোশাক প্রাচীন রীতির হলেও যে পদ্ধতিতে তিনি শরীরচর্চা করছেন, তা একেবারে আধুনিক। পোস্টারের নিচে শিল্পী তাই মনে করিয়ে দিতে চান শরীরচর্চা সংক্রামিত হোক। এখানে পটচিত্রে মহিলার পোশাক এবং অলংকারে করোনা ভাইরাসের আকৃতি উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছিল এই কাজটি।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন জয়ন্ত দে। শিল্পীকে অভিনন্দন।
