
পোস্টার অফ দ্য ডে — অভীক সরকার
সংক্রামিত হোক গাছের পাতা-ফুল, এই বার্তাই দিচ্ছেন শিল্পী অভীক সরকার। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে অভীক সরকারের এই দুর্দান্ত কাজটি। অভীকের পড়াশোনা জলপাইগুড়িতে হলেও পরবর্তীকালে তিনি চলে যান শান্তিনিকেতন। সেখানে বিশ্বভারতীর সংগীত ভবনে রবীন্দ্রসংগীতের উপর পড়াশোনা করে, এখন গবেষণা করছেন। এছাড়াও শিক্ষকতা করেন এবং বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি শান্তিনিকেতনে থাকলেও আদি বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সে। তাঁর তৈরি পোস্টারটিতে দেখা যাবে করোনা ভাইরাসের গোল আকৃতি, শুধু ভাইরাসের জায়গায় রয়েছে গাছের পাতা আর ফুল। ইতিবাচকতার বার্তা দিতে গিয়ে তিনি আরেকবার মনে করিয়ে দিচ্ছেন গাছেদের যত্ন নেওয়া এবং চারদিক সবুজে ভরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। বাড়িতে বসে সেই সব গাছেদের যত্ন নিন।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন অভীক সরকার। শিল্পীকে অভিনন্দন।
