সত্যজিৎ রায়ের অমোঘ সৃষ্টি জায়গা করে নিল মারণ জীবাণুর আকৃতিতে

পোস্টার অফ দ্য ডে — বিশ্বরূপ নাথ

করোনা ভাইরাসের আকৃতিতে এবার স্বয়ং সত্যজিৎ রায়। অবাক হচ্ছেন? হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী বিশ্বরূপ নাথ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে বিশ্বরূপ নাথের এই দুর্দান্ত কাজটি। বিশ্বরূপের বড়ো হয়ে ওঠা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ থেকে জৈবরসায়ন নিয়ে পড়াশোনা করলেও ছোটো থেকেই তাঁর নেশা ছবি আঁকা। বিজ্ঞাপন জগৎ থেকেও ভীষণভাবে প্রভাবিত হয়েছেন। বিগত ১৩ বছর ধরে রয়েছেন বিজ্ঞাপনের দুনিয়ায়। বর্তমানে তিনি কলকাতার এসওএস আইডিয়াসের একজন পুরস্কারপ্রাপ্ত ক্রিয়েটিভ ডিরেক্টর। তাঁর তৈরি পোস্টারটি দেখলেই মনে পড়ে যাবে সত্যজিতের জয়বাবা ফেলুনাথের কথা। যে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ উপাদান উঠে এসেছে এই কাজটিতে। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে বানানো এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় বেশ স্বীকৃতি পায়। শিল্পীর চোখে সত্যজিতের অমোঘ সৃষ্টি জায়গা করে নিল মারণ জীবাণুর আকৃতিতে। যা স্বয়ংসম্পূর্ণভাবে ইতিবাচক হয়ে উঠেছে।

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন বিশ্বরূপ নাথ। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia