মারণ জীবাণুর আকৃতিতে নবজন্ম, শোনা গেল সদ্যোজাত শিশুর চিৎকার

মোশন পোস্টার অফ দ্য ডে — অনিকেত মিত্র

করোনা জীবাণুর আকৃতিতে দেখা যাচ্ছে নবজন্মের চিৎকার। এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী অনিকেত মিত্র। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

মোশন পোস্টার অফ দ্য ডে

তবে স্থিরচিত্র নয়, আজকের মোশন পোস্টার অফ দ্য ডে অনিকেত মিত্রের এই দুর্দান্ত কাজটি। অনিকেত বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। পেশায় গ্রাফিক ডিজাইনার। কলকাতার গভর্মেন্ট আর্ট কলেজ থেকে গ্রাফিক এবং কমিউনিকেশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি বিভিন্ন প্রযোজনা সংস্থার হয়ে ভিস্যুয়াল আর্টিস্টের কাজ করেন। অনিকেতের এই মোশন পোস্টারে দেখা যাচ্ছে, একটি অপারেশন থিয়েটার। সার্চলাইট পড়েছে গর্ভবতী মায়ের উপর। নতুন জন্ম দিচ্ছেন তিনি। তাঁরই গর্ভ থেকে পৃথিবীর আলো দেখবে এক শিশু। মাতৃবস্থায় এই চিৎকার শুনতে পাচ্ছে অস্থির সময়। গোল করে দাঁড়িয়ে আছেন চিকিৎসকেরা। এ যেন এক ধ্বংস থেকে নতুন সৃষ্টির আর্তনাদ। এই মুহূর্তে আমরা অত্যন্ত উদ্বেগ এবং সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ধ্বংস থেকেই দেখা যাবে নতুন আলো। এমনই এক ইতিবাচক বার্তা দিয়ে নজির গড়েছেন শিল্পী অনিকেত মিত্র।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অনিকেত মিত্র। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia