
পোস্টার অফ দ্য ডে — শুভ্রকান্তি মণ্ডল
লকডাউনে বাড়িতে বসে সংক্রামিত হোক খেলা। ক্যারম খেলার মধ্যে দিয়ে এই বার্তা দিচ্ছেন শিল্পী শুভ্রকান্তি মণ্ডল। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে শুভ্রকান্তি মণ্ডলের এই দুর্দান্ত কাজটি। হাওড়া জেলার আন্দুলে থাকেন তিনি। পড়াশোনা করেছেন কলকাতার গভর্মেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থায় রয়েছেন শিল্প নির্দেশক হিসেবে। ইলেকট্রনিক পেন এবং ম্যাক-এর সাহায্য নিয়ে শুভ্রকান্তি জাদুকরের মতো কাজ করেন। তিনি তাঁর বানানো পোস্টারে বলেছেন, বাড়ির বাচ্চাদের সঙ্গে ক্যারম খেলুন। মন ভালো রাখুন। আর বাড়িতে থাকুন। আসলে যেকোনো খেলাই এখন পরিত্রাণের উপায় হয়ে উঠেছে। এই যেমন ভুলতে বসা সমস্ত বাড়ির খেলা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই মহামারীতে। বাড়ির ছাদ বা উঠোনে তাই কুমিরডাঙা, কাবাডি, ধরাধরি, লুকোচুরি কিংবা অনলাইনে সাপ-লুডো খেলার যুগ হঠাৎই আবার ফিরে এসেছে। অনেকেই ফিরে পেয়েছেন ছোটোবেলা।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন শুভ্রকান্তি মণ্ডল। শিল্পীকে অভিনন্দন।
