শহরে ‘পাঁচটি তারার তিমির’

অলোকরঞ্জন দাশগুপ্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়, অরুণ সেন, সুধীর চক্রবর্তী

‘সাতটি তারার তিমির’ লিখেছিলেন জীবনানন্দ দাশ। আর এ হলো ‘পাঁচটি তারার তিমির’।  অলোকরঞ্জন দাশগুপ্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়, অরুণ সেন, সুধীর চক্রবর্তী, বাংলা ভাষার এই পাঁচজন বিশিষ্ট সাহিত্যকর্মীকে স্মরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার মরশুমে।এঁদের ফটোগ্রাফ এবং লেখালেখি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তথ্য ও সংস্কৃতি বিভাগের রূপায়ণে গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজিত হয়েছে ‘পাঁচটি তারার তিমির’ শীর্ষক প্রদর্শনী। সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায় অভীক মজুমদার এবং ঋত্বিক মল্লিক।প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে ৩ ফেব্রুয়ারি, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘লিটল ম্যাগাজিন’ সম্পর্কে একবার বুদ্ধদেব বসু বলেছিলেন, ‘লিটল কেন? আকারে ছোট বলে? প্রচারে ক্ষুদ্র বলে? নাকি বেশিদিন বাঁচে না বলে? সব ক-টাই সত্য, তবে এগুলোই সব কথা নয়।এ যুগের বাংলা ভাষা-সাহিত্যের অগ্রগণ্য কবি-লেখক সাহিত্যস্রষ্টা সর্বদাই এক বা একাধিক লিটল ম্যাগাজিনের সান্নিধ্যে তাঁদের উড়ান নতুন নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। অলোকরঞ্জন, মানবেন্দ্র, অরুণ, দেবেশ, সুধীর প্রত্যেকেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন লিটল ম্যাগাজিনের সঙ্গে। তাই তাঁদের স্মারক-প্রদর্শনী যে লিটল ম্যাগাজিন মেলায় আয়োজিত হবে, সেটাই কাম্য।তাঁদের প্রয়ানে হয়তো লুপ্ত হয়ে গিয়েছে একটা গোটা প্রজন্ম, কিন্তু তাঁরা প্রকৃত অর্থেই নক্ষত্র, নিজের আলোয় উজ্জ্বল হয়ে থাকবেন সর্বদা।

 

Post Tags
Developed by DXDasia