
ভারতের প্রথম ক্লাব এই বিরল আন্তর্জাতিক সম্মান পাবে
মোহনবাগান ক্লাবটির ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য। ১৯ শতকের দ্বিতীয় ভাগে ভারতবর্ষের বড়ো শহরগুলোতে জাতীয়তাবাদী চিন্তাভাবনা দানা বাঁধছিল। ১৮৮০-র দশক ছিল এদেশের জাতীয়তাবাদ চর্চার একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এই দশকেই। দেশাত্মবোধের এক তুমুল স্রোতেরই ফসল হিসেবেই মোহনবাগান ক্লাবটির জন্ম হয়েছিল। উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র এবং সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু ১৮৮৯ সালের ১৫ আগস্ট ‘মোহনবাগান স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। পরে এর নাম পাল্টে হয় ‘মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব’। কয়েক বছর শ্যামপুকুরে থাকার পর একটা সময়ে শ্যাম স্কোয়ার অঞ্চলে চলে যায়। ১৮৯৩ সালে কোচবিহার ক্লাব ছিল মোহনবাগানের প্রথম টুর্নামেন্ট। তারপর ১৯১১ সালের গৌরবময় ইতিহাসের কথা তো আমরা সবাই জানি। খালি পায়ে ফুটবল খেলে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান।
এখন ভারতের সবথেকে সফল ফুটবল ক্লাবগুলোর মধ্যে থেকে মোহনবাগান নিজের গৌরবকে আরও বাড়িয়ে নিয়ে চলেছে। ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, জাতীয় ফুটবল লিগ, আই লিগ, কলকাতা ফুটবল লিগের জয় রয়েছে তাঁদের ঝুলিতে। এরই মধ্যে মোহনবাগান ক্লাবের মুকুটে যোগ হতে চলেছে বিরল এক পালক। এশিয়ার তৃতীয় এবং ভারতের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে মোহনবাগান পেতে চলেছে ক্লাব অফ পাওনিয়ার্সের সদস্যপদ। পৃথিবীর নানা দেশের পুরোনো সব ফুটবল ক্লাবগুলোকে একটি ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে ২০১৩ সালে ক্লাব অফ পাওনিয়ার্স তৈরি হয়েছিল দুনিয়ার ইতিহাসে এখনও টিকে থাকা সবথেকে পুরোনো ফুটবল ক্লাব শেফিল্ড এফসি-র সক্রিয় উদ্যোগে। মোহনবাগান ছাড়া সারা পৃথিবীর মাত্র ২২টি সেরা ফুটবল ক্লাব এই প্রতিষ্ঠানের সদস্য।
আরও পড়ুন
২৮ বছর আগের এক বিষণ্ণ ফাইনাল
পুরোনো এবং সেরা ফুটবল ক্লাবগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, ফুটবল খেলার ঐতিহ্যকে সংরক্ষণ করা, বিভিন্ন দেশের তৃণমূল স্তরে ফুটবল খেলার বিকাশ ঘটানো – এই কাজগুলো গত কয়েকবছরে ক্লাব অফ পাওনিয়ার্স বেশ জমকালোভাবেই করে আসছে। ক্লাব অফ পাওনিয়ার্সের সদস্য হতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় ফুটবল ক্লাবগুলিকে। সদস্য ক্লাবগুলোকে নিজের নিজের দেশের সবথেকে পুরোনো ফুটবল ক্লাব হতে হবে। প্রতিষ্ঠার সময় থেকে একটানা ক্রীড়া সংস্থা হিসেবে বর্তমানেও বিভিন্ন পেশাদার এবং অপেশাদার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ চালিয়ে যেতে হবে। ক্লাব অফ পাওনিয়ার্সের সদস্যপদ লাভ করা বিশ্বের যে কোনো ফুটবল ক্লাবের পক্ষেই যথেষ্ট সম্মানের। বাংলার সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল। মোহনবাগানের এই বিরল প্রাপ্তি বাংলার ফুটবল ক্লাব ও ফুটবলারদের নতুন করে উজ্জীবিত করবে বলেই মনে করছে ক্রীড়ামহল।
