মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে তোলপাড় দেশ, চুপ মোদি-শাহ্-শুভেন্দু

বুধবার সন্ধে থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে আহত হওয়ার পর বুধবার সন্ধে থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশীতেও চোট লেগেছে।বুধবার রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলেছে। সেই অবস্থার এখনও তেমন কোনও উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুসারে বুধবার রাতে এমআরআই-এর পর পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। মুখ্যমন্ত্রীকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পায়ের ফোলা ভাব কমলে বৃহস্পতিবার প্লাস্টার করা হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

নন্দীগ্রামে আহত হয়েছেন সন্ধ্যার দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর নিয়ে তোলপাড় দেশ। রাজ্য রাজনীতিতে বিজেপি বনাম তৃণমূল জোর চাপানউতর শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও বার্তা নেই। মুখ খোলেননি একদা মুখ্যমন্ত্রীর সতীর্থ এবং বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও।

মমতার পাশে দাঁড়িয়েই টুইট করেছেন কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, “দিদির দ্রুত আরোগ্য কামনা করি। দিদি আপনাকে কঠিন লড়াই লড়তে হবে। আপনি নিশ্চয়ই জিতবেন।” টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিবালও। টুইটে আপ সুপ্রিমো লিখেছেন, “এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা দিদির উপর যাঁরা হামলা করেছেন তাঁদের গ্রেফতারি ও সাজার দাবি করি।”

এ বার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে টুইটে আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব লিখেছেন, “আমি মমতা বন্দ্যোপধ্যায়ের উপর কাপুরুষোচিত গুণ্ডাদের আক্রমণের তীব্র নিন্দা করি।” পাশাপাশি লালুপুত্র সাফ লিখেছেন, “পশ্চিমবঙ্গ পুলিশ এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যা বিজেপির নির্দেশে চলে। মানুষ জানে যাঁদের গণতন্ত্রে বিশ্বাস নেই তাঁরা পরাজয়ের ক্ষোভ উগরানোর জন্য যা কিছু করতে পারেন।”

 

 

Developed by DXDasia