প্রণাম : এক দশক ধরে নিঃসঙ্গ প্রবীণদের খেয়াল রাখছে কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ ও দ্য বেঙ্গল-এর যৌথ উদ্যোগে ‘প্রণাম’ পরিষেবা

কবীর সুমনের সেই বিখ্যাত গানটা মনে আছে? “ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস/ অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ…”

না, শুধু অসুখ বিসুখের পর খাদ্যাভাস না, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির চাপে কোনো কোনো মানুষের চারদিকটাও যখন বদলে যায়, চেনা মুখগুলো ক্রমশ হারাতে হারাতে সে একা হয়ে পড়ে, তখন প্রয়োজন হয় এমন এক বন্ধুর যে পাশে দাঁড়িয়ে বলে, “হাল ছেড়ো না বন্ধু”…

কলকাতা শহরের নিঃসঙ্গ প্রবীণ নাগরিকদের এই রকমই এক বিশ্বস্ত বন্ধু কলকাতা পুলিশ। শহরে অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলস পরিশ্রমের পাশাপাশি, অভিভাবকসম শহরের বয়স্ক মানুষদের ভালো রাখার দায়িত্বও ‘দ্য বেঙ্গল’-এর সঙ্গে তারা কাঁধে তুলে নিয়েছে ‘প্রণাম’ প্রকল্পের মাধ্যমে (PRONAM, Emergency Co-Ordination Control Room For Senior Citizens)।

বয়স্ক নাগরিকদের জন্য কলকাতা পুলিশের বিশেষ পরিষেবা

‘প্রণাম’ প্রকল্পের দায়িত্বে থাকা কম্যুনিটি পুলিসিং উইং (Community Policing Wing)-এর দফতর কর্মীরা বঙ্গদর্শন.কম-কে জানাচ্ছেন, শুধু পুলিশের সদস্যরাই নন, প্রতিটি থানা এলাকায় নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকায় সদস্যরা নিজেরাও একে অপরের পাশে থাকেন। ফলতঃ একাকিত্ব কাটিয়ে নতুন করে বন্ধুত্বের স্বাদ পাচ্ছেন তাঁরা। দফতর সূত্রে আরও জানানো হয়েছে যে, কলকাতায় ‘প্রণাম’-এর সদস্য সংখ্যা এই মুহূর্তে প্রায় ২৩,০০০-এর কাছাকাছি।

কলকাতা পুলিশ ও দ্য বেঙ্গল-এর যৌথ উদ্যোগে প্রণাম-এর পথ চলা শুরু হয় ২০০৯ সালে। উদ্দেশ্য শহরের একাকী বয়স্ক নাগরিকদের মানসিক সাহচর্য ও নিরাপত্তাদান। নিউক্লিয়ার পরিবারে রক্তের সম্পর্কের অন্যান্য সদস্যরা যখন বিভিন্ন কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আত্মীয়তার পরিধি পরিবার ছাড়িয়ে, ছড়িয়ে পড়তে চায় অনেকখানি। শহরের অভিভাবকরা সেই আত্মীয়তার পরিধি বড়ো করতে পারছেন প্রণামের মাধ্যমে। এই প্রকল্পের জন্য কলকাতা পুলিশের আয়তাধীন প্রতিটি থানায় এক জন এসআই, দুই জন এএসআই-সহ মোট ১৩ জন পুলিশের এক একটি নির্দিষ্ট বাহিনী রয়েছে, যারা নিয়মিত ‘প্রণাম’ সদস্যদের বাড়িতে গিয়ে তাঁদের খবরাখবর নিয়ে মিটিয়ে দেন বিভিন্ন সমস্যা। সাইবার ক্রাইম সংক্রান্ত ও অন্যভাবে আর্থিক প্রতারণার ব্যাপারে সচেতন করেন তাঁদের, কারো আইনি সাহায্য বা আইনি পরামর্শের প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে সেই সমস্যার সমাধানও করেন তাঁরা।

শুধু নিরাপত্তাই নয়, বয়স্ক নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজও রাখছেন তাঁদের সন্তানসম এই পুলিশকর্মীরা। ‘প্রণাম’ সদস্যদের কারো চিকিৎসার প্রয়োজন হলে নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যেমন সুস্থ করে তুলছেন তাঁদের, তেমনই বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুজোর সময় ঠাকুর দর্শন প্রভৃতি বিভিন্ন বিনোদনমূলক উদ্যোগের মাধ্যমে প্রবীণদের মনের যত্নও নিচ্ছেন তারা।

২০০৯ সালে প্রণামের উদ্বোধনী অনুষ্ঠানে

 

‘প্রণাম’ প্রকল্পের দায়িত্বে থাকা কম্যুনিটি পুলিসিং উইং (Community Policing Wing)-এর দফতর কর্মীরা বঙ্গদর্শন.কম-কে জানাচ্ছেন, শুধু পুলিশের সদস্যরাই নন, প্রতিটি থানা এলাকায় নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকায় সদস্যরা নিজেরাও একে অপরের পাশে থাকেন। ফলতঃ একাকিত্ব কাটিয়ে নতুন করে বন্ধুত্বের স্বাদ পাচ্ছেন তাঁরা। দফতর সূত্রে আরও জানানো হয়েছে যে, কলকাতায় ‘প্রণাম’-এর সদস্য সংখ্যা এই মুহূর্তে প্রায় ২৩,০০০-এর কাছাকাছি। এছাড়াও কলকাতায় বসবাসকারী কেউ নতুন করে ‘প্রণাম’-এর সদস্য হতে চাইলে, অনলাইনে pronam.kolkatapolice.org ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল-আপ করে, অথবা নিজের এলাকার থানায় গিয়ে ফর্ম ফিল-আপের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে মেম্বারশিপ কার্ড অনলাইনেই পৌঁছে যাবে, আবার পুলিশের পক্ষ থেকে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা ০৩৩-২২১৪-৩২৩০ নম্বরে লালবাজার কন্ট্রোলরুমে বা ০৩৩-২২১৪-৩২৩৪ নম্বরে কম্যুনিটি পুলিসিং উইং-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও খোলা আছে টালিগঞ্জ কন্ট্রোলরুম, সেখানে যোগাযোগের নম্বর ০৩৩-২৪৬৬-০৩৮৭।

অভিনেত্রী সুচিত্রা সেনের অ্যাপ্লিকেশন ফর্ম

শহরজুড়ে প্রবীণ নাগরিকদের একাকিত্ব যখন অসুস্থ করে তুলছে তাঁদের মনকে, ঠিক সেই সময়ে এই মানবিক স্পর্শ মনের জোর জোগাচ্ছে। তাই অতিমারীর ভ্রূকুটিতেও ভয় না পেয়ে ভার্চুয়ালি একে অপরের পাশে থেকে, বিভিন্ন সৃজনশীলতার মাধ্যমে তাঁরা যেন কণ্ঠ ছেড়ে বলেছেন- “বাঁচতে ভালোবাসি”। অভিভাবকসম মানুষদের ভালোবেসে তাঁদের ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর জন্য প্রযুক্তিগত ভাবে আরও উন্নত পরিষেবার পরিকল্পনা করছে কলকাতা পুলিশ। ভালোবাসার শহর এইভাবে ভালোবেসে দেশের বুকে গড়েছে এক অনন্য নজির, আর কলকাতাকে আক্ষরিক অর্থেই করে তুলেছে আনন্দনগরী।

ছবি সৌজন্যে: কলকাতা পুলিশ এবং সন্দীপ ভুতোরিয়া
 

Post Tags
Developed by DXDasia