আধুনিক পরিকাঠামোযুক্ত এই হাসপাতালে ৩০০টি শয্যা রয়েছে
ভবানীপুরের ২নং বেনীনন্দন স্ট্রিট-এ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের সুপরিচিত ‘ল্যান্ডমার্ক’ কলকাতা পুলিশ হাসপাতাল। এবার সেই শতাব্দী প্রাচীন হাসপাতালটিই রূপান্তরিত হল আধুনিক পরিকাঠামোযুক্ত কোভিড হাসপাতালে। ৩০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ১১০টি শয্যা ধার্য করা হয়েছে সাধারণের জন্য। ১৯০৫ সাল থেকে এই হাসপাতালটি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং অন্যান্য মিত্রবাহিনীর মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং ফায়ার সার্ভিস বিভাগকে বহুবিধ স্বাস্থ্যসেবা সরবরাহ করেছে। সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহ থেকেই রোগী ভর্তি করা যাবে এই হাসপাতালে।
এই হাসপাতাল বিল্ডিংটি গ্রেড-১ হেরিটেজ পরিকাঠামোযুক্ত এবং ব্রিটিশ আমলের অন্যান্য বিল্ডিং-এর মতো এটিও বিশেষ লাল রঙা ইটের তৈরি। গত কয়েকমাস ধরে সংস্কারের কাজ চলছিল এখানে। জানা যাচ্ছে, সেবা কর্মীদের জন্য ১৯০টি শয্যা ধার্য করা হয়েছে, যার মধ্যে ১৫০টি শয্যা পুলিশকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি ৪০টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট(এইচডিইউ) শয্যা গুরুতর রোগীদের জন্য ব্যবহৃত হবে। এইচডিইউতে অক্সিজেন প্ল্যান্টও বসানো হবে এবং সমস্ত শয্যা বি-টাইপ অক্সিজেনের সঙ্গে সংযুক্ত থাকবে।
মেডিকা গ্রুপ পরিচালিত, কলকাতা পুলিশ এবং বন্ধন গ্রুপের কোন্নগর বিভাগের যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ নব রূপান্তরিত এই হাসপাতালটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি)-এর একটি ভালো উদাহরণ তৈরি করেছে।
বহু বছর ধরে সরকারি এসএসকেএম হাসপাতালের একটি স্যাটেলাইট ইউনিট ছিল কলকাতা পুলিশ হাসপাতাল। এখন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। এসএসকেএম-এর সঙ্গে যুক্ত থাকার কারণে ইতিমধ্যেই সেই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাকর্মী রয়েছেন। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল চত্বর পরিদর্শন আসেন এবং তারপরই দ্রুতগতিতে কলকাতা পুলিশ হাসপাতালটি রূপান্তরিত করা হয় কোভিড হাসপাতালে।