৩৯টি দেশের ২১৫টি ছবি! শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫

উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার, ৬ নভেম্বর কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শুভ উদ্বোধন হয়ে গেল ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব অর্থাৎ, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা, প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরতি মুখোপাধ্যায়, রমেশ সিপ্পি, সুজয় ঘোষ, তিলোত্তমা সোম, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, লিলি চক্রবর্তী-সহ টলিউডের অন্যান্য শিল্পী, কলাকুশলীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব।

এই বছর উদ্‌যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ‘শোলে’র ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন রমেশ সিপ্পি।চেয়ে।

প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা গেল নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। এদিন বঙ্গবিভূষণ পুরস্কার পেলেন আরতি মুখোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহা। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হচ্ছে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড, ইরান, আমেরিকা এবং জার্মানি-সহ এই বছরের চলচ্চিত্র উৎসবে মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। উৎসবের জন্য মোট ১৮২৭টি সিনেমা জমা পড়েছিল। আঠারোটি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষার সিনেমা থাকছে এবারে। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি। পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক সিনেমার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে — বিভিন্ন দেশের পরিবেশ বিষয়ক মোট চারটি সিনেমা দেখানো হবে। এবছর ফোকাস কান্ট্রি পোল্যান্ড।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, “সিনেমার কোনো বাউন্ডারি নেই। পৃথিবী একটাই। পৃথিবীর অন্যান্য ভাষাগুলির মতোই এবছর গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা-সহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষাকেও। গ্রাসরুট ছাড়া আমরা উন্নতি করতে পারব না। এই উৎসবে আগত সমস্ত বিদেশি অতিথিদের আমরা সবরকম ভাবে সাহায্য করব।” উদ্বোধনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন ‘বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম’, যা আন্তর্জাতিক মানের এবং প্রায় ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট। স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। এই বছর উদ্‌যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ‘শোলে’র ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন রমেশ সিপ্পি। ঋত্বিক ঘটকের ছবিগুলির মধ্যে দেখানো হবে ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’। উৎসব চলবে নন্দন-রবীন্দ্র সদন চত্বর-সহ মোট ২১টি ভেন্যুতে।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ৩১তম সংস্করণে একতারা মঞ্চে প্রতিদিন থাকবে আড্ডা, শিশির মঞ্চ ও রবীন্দ্র সদনে থাকবে নানান বিষয়ের উপর সেমিনার ও মাস্টারক্লাস। এই সিনে-উৎসব ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (FIAPF) দ্বারা স্বীকৃত। এবার কিফ-এর ট্যাগলাইন দেওয়া হয়েছে, “চলচ্চিত্র মেলায় বিশ্ব”। উৎসব চলবে আগামী ৭-১৩ নভেম্বর। 
 

Post Tags
Developed by DXDasia