সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিতে কলকাতার পথে ‘জয় বাংলা’ বাস

'বঙ্গদর্শন'-এর সঙ্গে কথা বললেন 'Kolkata Bus-O-Pedia'-এর জয়েন্ট সেক্রেটারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ জুলাই থেকে রাজ্যে চালু হয়েছে গণপরিবহন। তবে, আপাতত ১৫ জুলাই পর্যন্ত চালু হচ্ছে না ট্রেন-মেট্রো পরিষেবা, ভরসা বলতে অটো, সরকারি ও বেসরকারি বাস। কিন্তু সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও রুটি-রুজির জন্য রাস্তায় বেরিয়ে অনেকেই বলছেন বাসের জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি বাস সংগঠনগুলির পক্ষ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছে, ইতিমধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি, যা সাধারণের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে, জাতীয় বাংলা সম্মেলনের উদ্যোগে ও ‘Kolkata Bus-O-Pedia’ এবং ফোনেক্স গ্রুপের সহযোগিতায় ১ জুলাই থেকে  কলকাতার রাস্তায় নামল ‘জয় বাংলা’ বাস।

১ জুলাই দুপুর ১২টায় হাজরা মোড় থেকে চালু হয়েছে এই কোভিড স্পেশাল বাস পরিষেবা। সবথেকে আকর্ষণীয় ব্যাপার হল, এই দুর্দিনে 'জয় বাংলা' বাস পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ‘Kolkata Bus-O-Pedia’-এর জয়েন্ট সেক্রেটারি অভিনব পাল ‘বঙ্গদর্শন’কে জানিয়েছেন, “বর্তমান বিধিনিষেধ এবং কোভিড পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থা প্রায় ৪৫ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে ফের শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার। পরীক্ষামূলক ভাবে ৩টি রুটে এই পরিষেবা চালু হয়েছে। রুটগুলি হল- ১)দমদম চিড়িয়া মোড় থেকে হাওড়া ময়দান, ২)হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, ৩)সল্টলেক সেক্টর ফাইভ থেকে গড়িয়া স্টেশন। তবে, এই পরিষেবা পাওয়ার জন্য অনলাইনে অগ্রিম বুকিং করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ৩ টি রুটের আলাদা আলাদা ফোন নম্বর দেওয়া হচ্ছে। ইন্টারনেটে, আমাদের ফেসবুক পেজে এ ব্যাপারে বিশদ জানা যাবে। এই পরিষেবার অনুমতি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ জানাই।”

শুরুর দিন দুপুরে একটি বাস হাজরা মোড় থেকে গড়িয়া যায়। সেখান থেকে সল্টলেক সেক্টর ৫, এবং সেখান থেকে হাওড়া ময়দান হয়ে চিড়িয়া মোড়। এদিন হাজরা মোড়ে সূচনা পর্বে ছিলেন এই পরিষেবা প্রকল্পের প্রধান দুই উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায় ও বাবুন বন্দ্যোপাধ্যায়। উৎসাহী যাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। তবে অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকেছে বিনামূল্যের বাস পরিষেবা ব্যাপারটি।

এই পরিষেবায় যাবতীয় অর্থনৈতিক সহায়তা করছে জাতীয় বাংলা সম্মেলন দল। 'লজিস্টিক্স' বিষয় অর্থাৎ রুট ঠিক করা, বাসের বুকিং ইত্যাদি দিক সামলাচ্ছে ‘Kolkata Bus-O-Pedia’। রাজ্যে করোনা বিধিনিষেধ উঠে যাওয়ার পরও কি এই পরিষেবা পাওয়া যাবে? অভিনববাবু জানান, “মূলত করোনা পরিস্থিতির কথা ভেবেই এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যতদিন না বিধিনিষেধ উঠছে এই পরিষেবা পাওয়া যাবে, কিন্তু তারপর এই বাস চলবে কিনা তা নির্ভর করবে যাত্রী চাহিদার উপর।”

Post Tags
Developed by DXDasia