KMC-র উদ্যোগে শিশুদের জন্য এই প্রথম সেফ হোম কলকাতায়

করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার

এখনও করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠতে পারেনি ভারত, তার মধ্যেই তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাটি ক্রমশ বিশালাকার ধারণ করছে। এইমস-এর ডিরেক্টর সহ দেশের তাবড় তাবড় চিকিৎসকরা দেশবাসী এবং সরকারকে সতর্ক করছেন, করোনার তৃতীয় ঢেউ আসতে পারে জুলাই-সেপ্টেম্বরের প্রথম দিকে। তবে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় পশ্চিমবঙ্গ সরকার করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিল তাতে অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গকে অক্সিজেন বা বেডের অভাবে ভুগতে হয়নি। যেহেতু, বিশেষজ্ঞরা মনে করেন যে ভ্যাকসিন না দেওয়ার কারণে তৃতীয় ঢেউ শিশুদের উপর বেশি আঘাত আনবে, তাই কলকাতা পুরসভা ইতিমধ্যেই শিশুদের জন্য সেফ হোম শুরু করার পদক্ষেপ নিয়েছে। সেইমতো, সিঁথির হরে কৃষ্ণ শেঠ লেনে শিশুদের জন্য প্রথম সেফ হোম খোলা হয়েছে। এটি ছিল একটি মেয়েদের হোস্টেল যা সরকার গ্রহণ করেছে এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সহযোগিতায় শিশুদের জন্য তা ৬০ শয্যা বিশিষ্ট একটি সেফ হোমে রূপান্তরিত হয়েছে। শিশু বিশেষজ্ঞদের এই বিশেষ সেফ হোমের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং শিশুদের দেখাশোনা করার জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেবে কেএমসি। এমনকী, সেফ হোমে শিশুদের সঙ্গে মায়েরাও যাতে থাকতে পারে, সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে।  

করোনার তৃতীয় ঢেউ কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে শহরের অন্যান্য জায়গায় শিগগিরই শিশুদের জন্য আরও কয়েকটি সেফ হোম শুরু করার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। এই ধরণের প্রস্তুতিই এই মারাত্মক ভাইরাস এবং এর পুনরাবৃত্ত ঢেউ থেকে আমাদের বের করে আনতে পারে।

Post Tags
Developed by DXDasia