ভোটের আগে সব দলের মুখেই শিল্পায়নের আশ্বাস
হুগলি। এই জেলায় আশা ছিল শিল্পায়নের। আবার এই জেলাতেই জমি আন্দোলনের মধ্যে দিয়ে সূর্য অস্তমিত হয়েছিল। ২০০৬-এর পর প্রায় ১৫ বছর কেটে গেছে। আরেকটা বিধানসভার মুখোমুখি সিঙ্গুর। ২০০৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়েছিল বাম। সেইদিনই রাইটার্স থেকে সগর্বে ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে জমি অধিগ্রহণ, তারপর প্রকল্পের জমি ঘেরা। কারখানা তৈরির কাজ শুরু হওয়া। নতুন শিল্পায়ন আর কর্ম সংস্থানের আশা নিয়ে সিঙ্গুর সেদিন স্বপ্নের ঘোরে। কিন্তু স্বপ্নভঙ্গ হতেও বেশি সময় লাগল না। ৬০০ বনাম ৪০০ একরের কাজিয়া, জমি আন্দোলন, মৃত্যু, সবশেষে রাজ্য ছেড়ে টাটাদের গুজরাটে চলে যাওয়া। মাঝে পার হয়ে গেছে এক দশকেরও বেশি সময়। সিঙ্গুর নতুন করে পেয়েছে পিচের রাস্তা, পানীয়, স্বাস্থ্য। কিন্তু বহু ফসলী জমি নাকি শিল্প, এখন কোন দিকে সিঙ্গুরবাসী?
এই কেন্দ্রে তৃণমূলের চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য টিকিট না পাওয়ার ক্ষোভে ঠিক ভোটের মুখেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। যোগ দিয়েই পেয়ে গেলেন টিকিট। এবার তাঁর নাম পদ্মফুলের পাশে। অন্যদিকে তৃণমূল এবার সিঙ্গুরের প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন বেচারাম মান্নাকে। সংযুক্ত মোর্চার লড়াইয়ে সিপিএম প্রার্থী করেছে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। তাৎপর্যপূর্ণভাবে ভোটের আগে সব দলের মুখেই শিল্পায়নের আশ্বাস। কিন্তু এবার মানুষ কার দিকে?
তৃণমূল বিজেপির এই হেভিওয়েট লড়াইয়ের মধ্যে মাটি কামড়ে লড়ে যাচ্ছেন তরুণ বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর গলায় খানিক জেদের কথা।
চন্দ্রমুখী থেকে জ্যোতি, হুগলি জেলার আলুর জুরি মেলা ভার। সম্প্রতি তিনটি নতুন কৃষি আইন তৈরি করেছে মোদি সরকার। যা নিয়ে দেশ জুড়ে আন্দোলন চরমে। সেই আইনকেই বা কী চোখে দেখছেন সিঙ্গুরের প্রবীণ মানুষ?
এ মাটি তেভাগার মাটি। জান কবুল, ছাড়ব না জমি। কিন্তু অনেকের মতে চাষ করে কদ্দিন? বরং শিল্প চাই। জমি আর শিল্পের এই লড়াইয়ে আবারও বাংলার চোখ সিঙ্গুরের দিকে। সিঙ্গুর কি আবার হতে চলেছে নতুন আশার ল্যান্ডমার্ক?
জন-গণ-মন আজ সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট হবে চতুর্থ দফায়, অর্থাৎ ১০ এপ্রিল। আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১-এর তৃতীয় ও চতুর্থ দফা যথাক্রমে ৬ ও ১০ এপ্রিল। ঠিক এমন অবস্থায় টিম বঙ্গদর্শন ঘুরছে সারা বাংলা। আমাদের নজরে থাকবে নতুন প্রার্থীদের প্রচার। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রেও পৌঁছে যাব আমরা। বাংলার মানুষ কী ভাবছেন, স্বচ্ছ এবং সঠিক জনমত তুলে ধরার দায়িত্ব আমাদের।
সিঙ্গুরে এবারের প্রার্থী তালিকাঃ
তৃণমূল কংগ্রেসঃ বেচারাম মান্না
বিজেপিঃ রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সংযুক্ত মোর্চাঃ সৃজন ভট্টাচার্য
দেখুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই মতামত রাখুন।