
এনআইআরএফ-এর মূল্যায়নে বাংলার জয়জয়কার
দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় আবারও বাংলার জয়জয়কার। কেন্দ্রীয় মূল্যায়নে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করল আইআইটি খড়্গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
বৃহস্পতিবার প্রকাশিত হল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র্যাংকিং (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাংকিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) ২০২০। দেশের সেরা ১০০-র মধ্যে স্থান পেয়েছে রাজ্যের সাতটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সার্বিক মূল্যায়নে একাদশ ও দ্বাদশ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে এই দুটি বিশ্ববিদ্যালয়। আইআইটি যাদবপুর ধরে রেখেছে তার পঞ্চম স্থান। দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর পঞ্চম এবং কলকাতা সপ্তম স্থানে। এছাড়াও প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বিশ্বভারতী, কল্যাণী ও বর্ধমান।
দেশের সেরা কলেজগুলির মধ্যে সপ্তম স্থানে আছে যৌথভাবে সেন্ট জেভিয়ার্স এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ এবং নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ রয়েছে ১১ এবং ২০ নম্বরে। ম্যানেজমেন্টে তৃতীয় এবং পঞ্চম স্থানে আইআইএম কলকাতা এবং আইআইটি খড়গপুর জায়গা করেছে। এছাড়া আইআইটি খড়গপুরের প্রাপ্তি স্থাপত্যবিদ্যায় প্রথম, আইনে চতুর্থ এবং ইঞ্জিনিয়ারিং-এ পঞ্চম স্থান।
