সালকিয়া থেকে বায়ার্ন মিউনিখ, ১৭ বছর বয়সী শুভ পালের আশ্চর্য উড়ান

আগামী কয়েক মাস বায়ার্নের জার্সি গায়ে চাপিয়ে অন্য দেশের সঙ্গে অনুশীলন করবেন শুভ

হাওড়া সালকিয়ার সীতারাম বোস লেন থেকে জার্মানির বায়ার্ন মিউনিখে আশ্চর্য উড়ান। শুভ পাল সবে ১৭-য় পা দিয়েছে। শুভর উড়ান কীভাবে সম্ভব হয়েছে? শুনুন তবে—

বিশ্বের ৬৪টি দেশ থেকে ৬৫৪ জন ফুটবলারের পরীক্ষা নিয়েছিল বায়ার্ন মিউনিখ। করোনাকালে পুরো পরীক্ষাটাই হয়েছিল অনলাইনে। সেখানে প্রায় ১২০০-র উপর ভিডিও পোস্ট হয়েছিল। বিশ্বের অসংখ্য যুব ফুটবলার তাঁদের স্কিল তুলে ধরেছিলেন নিজেদের মতো। সমস্ত ভিডিও খুঁটিয়ে দেখে বায়ার্নের একটি বিশেষ দল ৩০ জনকে বেছে নিয়েছিল। সবকিছু বিচার করার পর সেখান থেকে ১৫ জনের দলে সুযোগ পায় বাংলার ছেলে শুভ পাল। আগামী ৫-৬ মাস বায়ার্নের জার্সি গায়ে চাপিয়ে শুভ অন্য দেশের তরুণদের সঙ্গে অনুশীলন করবে। আগামী ২৮ জুন মেক্সিকোতে শুরু হবে বায়ার্নের আবাসিক শিবির। সেখানেও থাকবে এই তরুণ বঙ্গ স্ট্রাইকার।কোনও স্বচ্ছল পরিবার থেকে উঠে আসেনি শুভ। ঘরে চরম আর্থিক অনটন। তাঁর বাবা বিপ্লব পাল এক গেঞ্জি কারখানার শ্রমিক। সব বাধা টপকে শুভর ঠিকানা এখন মিউনিখের অনূর্ধ্ব ১৯ দলে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, “শুভ তোমাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাত্র ১৭ বছর বয়সে বায়ার্নের দলে জায়গা করে নেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু গোটা দেশকে গর্বিত করে তুমি সেই জায়গা অর্জন করেছ। তোমার জন্য আমরা সবাই গর্বিত।”

একইসঙ্গে শুভ ভারতীয় অনূর্ধ্ব -১৭ টিমেও রয়েছেন। ২০২১-এ এএফসি অনূর্ধ্ব -১৬-তে এশিয়ান কাপ খেলেন, যেখানে তিন ম্যাচে তিনটি গোল দিয়েছিলেন। এছাড়াও অনূর্ধ্ব -১৭ জাতীয় দলের হয়ে ১১টি খেলায় মোট আটটি গোল দেন। স্বপ্নের খেলোয়াড় রোনাল্ডো এবং রবার্ট লেয়ান্ডোভস্কির সঙ্গে একদিন দেখা করার জন্য উন্মুখ হয়ে আছেন শুভ। তাঁর এই অবিস্মরণীয় উত্থানে গর্বিত সারা বাংলা।

Post Tags
Developed by DXDasia