
আগামী সপ্তাহ থেকেই আসছে বাংলাদেশের রুপোলি শস্য
পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের জন্য সুখবর। দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমান ইলিশ পাঠানোর অনুমতি দিল সেদেশের সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা-২ থেকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। আগামী মঙ্গল-বুধবার থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাকে করে ১৪৫০ মেট্রিক টন ইলিশ আসবে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের ৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।
২০১২ সালে বাংলাদেশ সরকার আমাদের দেশে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছিল। গত বছর পুজোর আগে শেখ হাসিনা সরকার পশ্চিমবঙ্গে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেন। এবছরও রুপোলি শস্য আসছে সেদেশ থেকে। পশ্চিমবঙ্গেও এবারের বর্ষায় প্রচুর ইলিশ ধরা পড়েছে।

